খুলনা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৪ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহারের দাবিতে আমরণ অনশন করছে শাস্তিপ্রাপ্ত ও সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে আমরণ অনশনে এ পর্যন্ত সাতজন অসুস্থ হয়ে পড়ে।
মঙ্গলবার দুপুরে তাদের স্যালাইন দেওয়া হয়।
এরা হলেন- মোস্তাফিজুর রহমান, প্রজ্ঞা দীপ্ত হালদার, জাকারিয়া জাবের, ইমরান, আরেফিন হক রুমান, সুব্রত সাহা ও রাখী।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুদ্দিন শাহ, উপ-উপাচার্য ড. পূর্ণেন্দু গাইন ও ট্রেজারার অধ্যাপক ফকির আবু হোসেন তাদের দেখতে যান।
উপাচার্য অনশনরত শিক্ষার্থীদের শাস্তি প্রত্যাহারের জন্য আপিল বোর্ডে আবেদন করার অনুরোধ জানিয়ে ন্যুনতম সময়ে তাদের আবেদন বিবেচনার আশ্বাস দেন।
গত ৫ এপ্রিল ফ্লেক্সিলোডে মোবাইল ফোনের একাউন্ট রিচার্জ করা নিয়ে ছাত্রদের সঙ্গে স্থানীয় এক সাংবাদিকের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে ভাংচুর হয়। এর জেরে বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়।
এই ঘটনায় গত ৪ জুন শৃঙ্খলা বোর্ডের এক সভায় ৩৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়।
দীর্ঘ দুইমাসের বেশি বন্ধ থাকার পর গত রোববার (১৩ জুন) বিশ্ববিদ্যায়ে ক্লাস শুরু হয়।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, শাস্তিপ্রাপ্তরা সবাই আবেদন করবেন। ইতোমধ্যে নয়জন আবেদন করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম বাপ্পী, কাওসার পারভেজ, আবীর আহমেদ তালুকদার, মিঠুন তলাপাত্র, মুত্তাসিফ হাসান, আব্দুল্লাহ আল মাসুদ, আফসানা হৃতি প্রমুখ।
শাস্তিপ্রাপ্তদের মধ্যে চারজনকে স্থায়ী বহিষ্কার, সাতজনকে জনকে দুই বছরের জন্য বহিষ্কার ও ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের জন্য বহিষ্কার, ১৩ জনকে এক বছরের জন্য বহিষ্কার ও ১৫ হাজার টাকা জরিমানা এবং ১০ জনকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
গত ৫ এপ্রিল মোবাইল ফোনে ৫০ টাকা ফ্লেক্সিলোড করা নিয়ে একটি পত্রিকার স্থানীয় সাংবাদিক শাহনেওয়াজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংঘর্ষ হয়। এর জেরে ছাত্ররা ক্যাম্পাসে ভাংচুর করে। খানজাহান আলী হলের সামনে শাহনেওয়াজের একটি ফ্লেক্সিলোডের দোকান রয়েছে।
রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩২ ঘ.
bdnews24