ঝিনাইদহ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার শৈলকুপা উপজেলা প্রকৌশলীর কাছ থেকে অস্ত্রের মুখে ৬৪টি দরপত্র সিডিউল ছিনিয়ে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত।
মঙ্গলবার দুপুরে উপজেলার বাড়ৈপাড়া এলাকায় গারাগঞ্জ-শৈলকুপা সড়কে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
শৈলকুপা থানার ওসি মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক কোটি ৩৫ লাখ টাকা মূল্যের আটটি অংশের এসব দরপত্র সিডিউল নিয়ে শৈলকুপা উপজেলা প্রকৌশলী শামসুর রহমান মোটর সাইকেলে করে কার্যালয়ে ফিরছিলেন।
বাড়ৈপাড়া গ্রামের কাছে আসার পর ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তার গতিরোধ করে দরপত্র সিডিউল নিয়ে যায়।
এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান ওসি আনোয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২৩০৭ ঘ.
bdnews24