২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুরের রিমান্ড সংক্রান্ত হাইকোর্টের আদেশ বহাল

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ (রিমান্ড) বাতিলের আবেদন নিষ্পত্তি করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেনি আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 01:39 PM

Updated : 25 Aug 2022, 12:13 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ (রিমান্ড) বাতিলের আবেদন নিষ্পত্তি করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেনি আপিল বিভাগ। মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা হাইকোর্টের আদেশ স্থগিতের সরকারের আবেদনের ওপর শুনানি শেষে কোনো আদেশ দেননি। গত ১০ জুন হাইকোর্ট মাহমুদুরকে জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে ২০০৩ সালের আপিল বিভাগের একটি রায়ের নির্দেশনা অনুসরণের আদেশ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। ওই রায়ে আইনজীবীর উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ, নির্যাতন না করা, জিজ্ঞাসাবাদের আগে ও পরে ডাক্তারি পরীক্ষা করাসহ বেশ কিছু নির্দেশনা রয়েছে। শুনানিতে সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মাহমুদুরের পক্ষে ছিলেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। আমার দেশ পত্রিকার প্রকাশক হাশমত আলী হাসুর করা প্রতারণা মামলায় গত ২ জুন সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানকে রাজধানীর কারওয়ান বাজারের পত্রিকাটির কার্যালয় থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাসহ আরো কয়েকটি মামলা হয়েছে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতিও দিয়েছে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমইউএস/এমএসবি/১৯২৯ ঘ.