ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরো বেশি কার্যকর করতে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়নে শিগগিরই নতুন বিধিমালা ও প্রবিধানমালা জারি করা হচ্ছে।
এসব বিধি ও প্রবিধানমালার ব্যাপারে ইতোমধ্যেই আইন মন্ত্রণালয় থেকে ইতিবাচক মতামত দেওয়া হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের তৃতীয় সভায় মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরিষদের প্রধান বাণিজ্য মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জন্য পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত একটি অন্তবর্তীকালীন দল গঠন করে তদন্ত কার্যক্রম চালানো হবে। বিএসটিআই, মৎস্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, র্যাব এবং পুলিশের সমন্বয়ে এ তদন্ত দল গঠন করা হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ফায়জুল হক জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জন্য সংস্থাপন মন্ত্রণালয় থেকে ২৮৩ জন জনবল বিশিষ্ট একটি সাংগঠনিক কাঠামো প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে।
তিনি জানান, তিনটি সভার একটিতেও অংশ নেননি, পরিষদের এমন সদস্যদের বাদ দিয়ে নতুন সদস্য মনোনয়নের ব্যাপারে সভায় আলোচনা হয়। সকলের মতামতের ভিত্তিতে নিস্ক্রিয় সদস্যদের বাদ দিয়ে নতুন সদস্য নিতে বাণিজ্যমন্ত্রী ফারুক খান নির্দেশ দেন।
সভায় বিএসটিআই মহাপরিচালক একে ফজলুল আহাদ, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি কাজী ফারুক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হোসেন মিয়াসহ পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গত বছরের ২৪ নভেম্বর বাণিজ্য মন্ত্রীকে চেয়ারম্যান করে সরকার ২৯ সদস্যবিশিষ্ট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ গঠন করে। এতে মন্ত্রী ছাড়াও ১৩ জন সরকারি কর্মকর্তা এবং ১৫ জন বেসরকারি ব্যক্তি রয়েছেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক পদাধিকার বলে এ পরিষদের সচিবের দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৭৫২ ঘ
bdnews24