সিলেট, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জৈন্তাপুর ও তামাবিল সীমান্তে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গোলাগুলি হয়েছে।
মঙ্গলবার দুপুরে জৈন্তাপুরের শ্রীপুর, নলজুড়ী, মিনাটিলা এবং গোয়াইনঘাটের তামাবিল সীমান্তে দুপক্ষের মধ্যে অন্তত দুহাজার রাউন্ড গুলি বিনিময় হয় বলে জানান ২১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার জহিরুল আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর ১২ টা থেকে প্রায় ১টা পর্যন্ত গোলাগুলি চলাকালে স্থানীয় একজন আহত হয়েছেন। এ ঘটনায় আগামীকাল (বুধবার ) দু'দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হওয়ার কথা রয়েছে।"
বিডিআর জানায়, আহত ব্যক্তির নাম আব্দুল জলিল (৩৫)। পায়ে গুলিবিদ্ধ হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে স্থানীয়রা জানান, আহত হয়েছেন আব্দুল জলিলসহ তিনজন। অপর দু'জনের মধ্যে একজন হলেন খোকন মিয়া (৩৬)। আরেকজনের নাম জানা যায়নি। তাদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লে. কর্নেল খন্দকার জহিরুল আলম জানান, বেলা সাড়ে ১১টার দিকে ভারতের ৫০-৬০ জন খাসিয়া শ্রীপুর সীমান্তের নলজুড়ী এলাকায় বাংলাদেশের প্রায় ৩'শ গজ ভেতরে ঢুকে জমি চাষের চেষ্টা চালায়।
জহিরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাদের বারন করা হলেও তা উপেক্ষা করে তারা চাষ করতে থাকে। এ সময় বিডিআর লাল পতাকা উত্তোলন করে। তখন সীমান্তের ওপার থেকে বিএসএফ গুলি চালায়। জবাবে বিডিআরও পাল্টা গুলিবর্ষণ করে।"
জহিরুল আলম আরও জানান, এর আগে সোমবার দুপুরেও বিএসএফ'র সহযোগিতায় আলু বাগান খাসিয়া বসতির পিছনে বাংলাদেশ সীমান্তের ২শ' গজ ভেতরে ঢুকে জমি চাষ শুরু করে খাসিয়ারা।
বিডিআর বাধা দিলেও খাসিয়ারা প্রথমে তা আমলে নেয়নি। এরপর বিডিআর সীমান্ত এলাকায় লাল পতাকা উড়িয়ে দিলে দু'পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। বিকেল ৫টার দিকে বিডিআরের বাধার মুখে খাসিয়ারা পিছু হটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/কেএমএস/১৮২২
bdnews24