২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসসহ ১০ ছিনতাইকারী গ্রেপ্তার

গাজীপুরে ছিনতাইয়ের কাজে ব্যবহার করা একটি বাসসহ ১০ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2010, 12:23 PM

Updated : 25 Aug 2022, 12:10 PM

গাজীপুর, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ছিনতাইয়ের কাজে ব্যবহার করা একটি বাসসহ ১০ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বাস চালক নীলফামারীর রাশেদ (২০), মানিকগঞ্জের বিল্লাল (২২), যশোরের জাহিদুল (২৪), নরসিংদীর কিরণ চন্দ্র দাস (১৯), নেত্রকোনার উজ্জ্বল (২৩), আশুলিয়ার আল আমিন (২২), গাজীপুরেরর শাহ আলম (২৮), ঢাকার ইসলামপুরের বিপুল ওরফে পলাশ (২৩), টাঙ্গাইলের শহিদুল ইসলাম (২৪) ও জামালপুরের জাহাঙ্গীর আলম (৩০)। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, রোববার দিবাগত রাত ১টার দিকে বোর্ডবাজার এলাকার টহল পুলিশ তাদের গ্রেপ্তার করে। তারা ছিনতাই করে ফিরছিল। রফিকুল ইসলাম বলেন, রোববার রাত পৌণে ১২টার দিকে গাজীপুর সদরের চান্দনা-চৌরাস্তা থেকে শ্রীপুরেরর মাওনা-চৌরাস্তা যাওয়ার কথা বলে বাসটিতে যাত্রী উঠানো হয়। বাসটি সালনা রেল-ওভার ব্রীজে পৌঁছালে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা বাতি নিভিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়। পরে যাত্রীদের চোখে ঝাঁঝালো মলম লাগিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় নামিয়ে দেওয়া হয়। ছিনতাইকারী দলটির কাছ থেকে ১৩টি মোবাইল ফোন, একটি ডিজিটাল ক্যামেরা, একটি ভিডিও ক্যামেরা, একটি হাত ঘড়িসহ বিভিন্ন মালামাল ও তিনটি চাকু উদ্ধার করা হয়েছে। এসআই রফিকুল ইসলাম জানান, তাদের থানা হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য ছিনতাইকারীদের গ্রেপ্তারেও অভিযান শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/