২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে দুই পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত

রংপুরের বদরগঞ্জে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচী (টিআর) প্রকল্পের গমের ভাগ বাটোয়ারা নিয়ে স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2010, 11:30 AM

Updated : 25 Aug 2022, 12:07 PM

রংপুর, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের বদরগঞ্জে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচী (টিআর) প্রকল্পের গমের ভাগ বাটোয়ারা নিয়ে স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। রোববার দুপুরে উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকার বিটুর কার্যালয় ও বাস ভবনে জাতীয় পার্টির (জাপা) সাংসদ আনিসুল ইসলাম মন্ডলের সমর্থকরা ভাংচুর চালায়। এ সময় আনিসুলের সমর্থকরা বিটুর বাড়ির কাছে একটি মটর সাইকেল গ্যারেজে ১০টি মটর সাইকেল ভাংচুর করে ও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালায়। বিটু অভিযোগ করেন, সাংসদ আনিসুলের নির্দেশে ভাড়াটে সন্ত্রাসীরা তার কার্যালয়ে হামলা চালিয়ে দরজা জানালা, আসবাবপত্র ও মালামাল ভাংচুর করেছে। অপরদিকে সাংসদ আনিসুল ইসলাম এ ঘটনার জন্য আওয়ামী লীগ নেতা বিটুকে দায়ী করেছেন। বদরগজ্ঞ থানার ওসি তোবারক হোসেন জানান, এ সময় উভয় পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ এ সময় লাঠি চার্জ করে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় র‌্যাব ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। এর আগে গত শনিবার উপজেলা পরিষদে সাংসদ ও উপজেলা চেয়ারম্যান পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে তাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করেন। উভয়েই অভিযোগ করেন, টিআর প্রকল্পের ৩১৫ মেট্রিক টন গমের ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের কারণে তাদেরকে এ ধরণের হুমকি দেওয়া হচ্ছে । ওসি জানান, এ ব্যাপারে শনিবার গভীর রাতে উভয় পক্ষের সমর্থকরা দুটি মামলা দায়ের করেছে। এছাড়া মোবাইল ফোনে হত্যার হুমকির বিষয়ে সাংসদ আনিসুল ইসলাম একটি জিডি করেছেন। ওদিকে আবারও সংঘর্ষের আশঙ্কায় সদরের সব দোকান বন্ধ হয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৭৩০ ঘ.