চাঁপাইনবাবগঞ্জ, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপত্তার প্রয়োজনে মেয়েদের নিজেকেও প্রতিবাদী ও আত্মপ্রত্যয়ী হওয়ার আহবান জানানো হয়েছে।
ছাত্রীদের উত্যক্তকরণ প্রতিরোধ দিবসে রোববার চাপাইনবাবগঞ্জে এক সমাবেশে বক্তারা এ আহবান জানান।
তারা বলেন, ইভটিজিং সামাজিক ব্যাধি। এ ব্যাধি প্রতিরোধ ও প্রশমনে সরকারের পাশাপাশি সর্বস্তরের মানুষের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
দিবসটি উপলক্ষে সকালে শহরের কালেক্টরেট ভবনের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক কে এম আলী আজম ছাত্রীদের নিরাপত্তায় বখাটে সন্ত্রাসীদের প্রতিরোধে ছাত্রছাত্রীদের শপথ বাক্য পাঠ করান।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রোববার সারা দেশে এ প্রতিরোধ দিবস পালন করা হচ্ছে।
সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, জন প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা এতে যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৩৫৯ ঘ.
bdnews24