ঢাকা জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ফুটবলের খেলা চলার সময় বিদ্যুত না থাকায় রাজধানীর কয়েকটি এলাকায় ভাংচুর ও রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে।
পরে দ্রুত এসব এলাকায় বিদ্যুত সরবরাহের ব্যবস্থা করা হলে তারা শান্ত হন।
যাত্রাবাড়ী থানার ওসি মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে ৮টার দিকে গোলাপবাগ, গোপীবাগ, স্বামীবাগ ও জনপদের মোড়সহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ চলে যায়। এ সময় বিশ্বকাপ খেলা দেখতে না পেরে উত্তেজিত জনতা এসব এলাকার প্রধান রাস্তা অবরোধ করে। আশেপাশের ভবন ও গাড়িতে তারা ইটপাটকেলও নিক্ষেপ করে।"
তিনি জানান, আধাঘন্টারও বেশি সময় তারা রাস্তা অবরোধ করে রাখে। দ্রুত এসব এলাকায় বিদ্যুত সরবরাহের ব্যবস্থা করা হলে তারা রাস্তা ছেড়ে দেয়।
শুক্রবার বিশ্বকাপ খেলা শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে বিদ্যুতের অভাবে খেলা দেখতে না পেরে রাস্তা অবরোধ করার ঘটনা ঘটছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএএ/২১৩৮ঘ.
bdnews24