ঢাকা জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরনো ঢাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের আটটি কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত লালবাগের ৮টি কারখানা সিলগালা ও মালিকদের জরিমানা করা হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "র্যাবের সহযোগিতায় সকাল থেকে অভিযান শুরু করা হয়েছে। প্রথমদিনে ৮টি পলিথিন কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।"
তিনি জানান, এর মধ্যে দুটি কারখানার মালিককে ছয়মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ১০জন কর্মচারীকে এই অবৈধ কাজে জড়িত থাকার অভিযোগে ১০হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এদিকে, অভিযানের খবর পেয়ে অপর ছয়টি কারখানার মালিক পালিয়ে যায়।
তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হয়েছে বলে জানান আনোয়ার পাশা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/
bdnews24