২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেলে পড়া ৪ তলা মাদ্রাসা ভবন ভাঙছে রাজউক

রাজধানীর মধ্য বেগুনবাড়িতে অবৈধভাবে নির্মিত হেলে পড়া চারতলা মাদ্রাসা ভবনটি ভাঙার কাজ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2010, 06:10 AM

Updated : 25 Aug 2022, 12:05 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মধ্য বেগুনবাড়িতে অবৈধভাবে নির্মিত হেলে পড়া চারতলা মাদ্রাসা ভবনটি ভাঙার কাজ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। শনিবার সকাল সাড়ে ১০টায় এ কাজ শুরু হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা। তিনি বলেন, "ভবনটি ভাঙার কাজ শুরু করার আগে মাদ্রাসা কর্তৃপক্ষ জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য আরো একদিন সময় চেয়েছিলো। কিন্তু বেশ কিছু দিন আগেই তাদের এ ব্যাপারে নোটিশ দেওয়া হয়। তাই নতুন করে আর সময় দেওয়া যাচ্ছে না।" রোকন-উদ-দৌলা জানান, পূর্ব দিকে হেলে পড়া ভবনটি খালি করার জন্য দুই বছর আগে থেকে কর্তৃপক্ষকে বলা হচ্ছে। কিন্তু তারা আমলে নেয়নি। রাজউকের মহাখালী আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩৫ জন শ্রমিক ভবন ভাঙ্গার কাজ শুরু করেছে। বিকাল ৪টা পর্যন্ত কাজ চলবে। গত ১ জুন মধ্য বেগুনবাড়ি এলাকায় অবৈধভাবে নির্মিত একটি পাঁচতলা ভবন ধসে ২৫ জনের প্রাণহানি হয়। তারপর থেকে ওই এলাকায় অনুমোদনহীন ভবন ভাঙার এই অভিযান শুরু করেছে রাজউক। উত্তর বেগুনবাড়ির ৪০/এ সাততলা বাড়িটি উত্তর দিকে হেলে পড়ায় সেটিও ভাঙছে রাজউক। এছাড়া পূর্ব নাখালপাড়া সমিতি বাজারের কাছে হলে পড়া পাঁচতলা বাড়িটিও ভাঙার কাজ শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কিউএইচ/এজে/কেএমএস/১২০৩ ঘ.