২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশিকাভবন: ৭ ঘণ্টা পর ফের পুলিশের তালা

খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আবার প্রশিকাভবনের নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2010, 02:29 PM

Updated : 25 Aug 2022, 12:01 PM

ঢাকা জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আবার প্রশিকাভবনের নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে ভবনের চাবি প্রশিকা কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। রাত ১০টার দিকে পুলিশ আবার ভবনটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। শুক্রবার বিকালে ভবনের সামনে পুলিশ সদস্যদের পাহারা দিতে দেখা গেছে। প্রশিকার প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব-উল-করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "রাত ১০টার দিকে পুলিশ সদস্যরা এসে আমাদের কেয়ারটেকারদের বের করে দেয়। তারা বলেন- কিছু ঘটনা ঘটেছে, আপনাদের আর থাকার দরকার নেই। এরপর থেকেই তারা ভবনটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।" পল্লবী থানার ওসি ইকবাল হোসেন বলেন, "আমার প্রশিকাভবনের চাবি হস্তান্তর করিনি। তারা নিজেরাই সেখানে প্রবেশ করেছে। শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা আবার ভবনটিতে তালা লাগিয়ে দিয়েছি। আদালতের রায় যে পক্ষে যাবে তাদের কাছেই ভবনটির দায়িত্ব দেওয়া হবে।" বৃহস্পতিবার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, তারা দুপুরে প্রশিকাভবনের চাবি এর বর্তমান পরিচালনা কতৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। উচ্চ আদালতের স্থগিতাদেশের পর তারা ভবনটিতে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। সেই স্থগিতাদেশ শেষ হওয়ার পর আবার ভবনটি খুলে দেওয়া হয়েছে। প্রশিকার পরিচালক মো. আব্দুর রব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার প্রশিকার প্রধান নির্বাহী মাহবুব উল করিমের কাছে চাবি বুঝিয়ে দিয়েছিল পুলিশ। কিন্তু পুলিশ আবার ভবনটির নিয়ন্ত্রণ নেওয়ায় সংস্থার কার্যক্রম পরিচালনায় নতুন করে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। প্রশিকা কর্মকর্তা মাহবুব-উল-করিম বলেন, ভবনটির পাহারায় পুলিশ ছিল। অনুমতি ছাড়া তো তাদের ভবনটিতে প্রবেশ করতে পারার কথা নয়। বৃহস্পতিবার তিনি বলেছিলেন, তিনমাস আটদিন বন্ধ থাকার পর আজ পুলিশ তাদের কাছে ভবনটির চাবি হস্তান্তর করেছে। দুপুর ৩টার দিকে তারা ভবনের দায়িত্ব নিয়েছেন। গত ৪ মার্চ দ্বিতীয়বারের মতো প্রশিকাভবনে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। এর আগে গত বছরের মে মাসে এক সভার মাধ্যমে প্রশিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী ফারুক আহমেদকে দায়িত্ব থেকে অপসারণ করে গভর্নিং বডির সদস্যরা। কিন্তু কাজী ফারুক আহমেদ পাল্টা এক সাধারণ সভায় আবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বলে দাবি করেন। প্রশিকার নিয়ন্ত্রণ নিয়ে এর মূল কার্যালয়ে গত বছরের মার্চের পর থেকেই কর্মীরা বিক্ষোভ করে আসছিলেন। কয়েকদফা বিক্ষোভের পর প্রধান কার্যালয়ের কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়। ওই সময় দেশের বিভিন্ন স্থানের শাখা কার্যালয়গুলোতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মিরপুর-২ এ অবস্থিত প্রশিকার প্রধান কার্যালয়ে কয়েকদফা সংঘর্ষের পরে এ বছর ১৩ জানুয়ারি ভবনে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। কিন্তু উচ্চ আদালত বর্তমান পরিষদের কাছে ভবনের চাবি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিলে ২৪ জানুয়ারি কর্মীরা ভবনটিতে প্রবেশ করে। এর একদিন পর রায়টি সুপ্রিম কোর্টে স্থগিত করা হলে আবার ভবনটিতে পুলিশ তালা ঝুলিয়ে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এমএসবি/২০২৫ ঘ.