দিনাজপুর, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের অদূরে মাতাসাগর দিঘীতে ডুবে শুক্রবার দুই কিশোরের মৃত্যু হয়েছে।
এরা হলো- শহরের বাসুনিয়াপট্টির কানাই লাল গুপ্তের ছেলে দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র শাওন গুপ্ত (১৩) এবং একই এলাকার বাদশার ছেলে ফারুক (১৬)।
নিহতদের পরিবারের সদস্যরা জানায়, ৮/১০ জন বন্ধু মিলে দুপুর ১২টার দিকে তারা মাতাসাগর দিঘীতে গোসল করতে যায়। এক পর্যায়ে শাওন ও ফারুক পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে দমকলের সদস্যরা এসে প্রায় দুইঘণ্টা পর তাদের লাশ উদ্ধার করে।
শাওনের বাবা কানাই লাল গুপ্ত জানান, বেলা ১২টার দিকে প্রাইভেট পড়ে বাসায় এসে বন্ধুবান্ধবদের সঙ্গে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর প্রতিবেশীর কাছে তার ডুবে যাওয়ার খবর পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৮ ঘ.
bdnews24