কিশোরগঞ্জ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রহ্মপুত্র নদের ভাঙনে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের আটটি গ্রামের কয়েকশ' ঘরবাড়ি বিলীন হয়ে গেছে।
আশ্রয় হারানো নিঃস্ব মানুষ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। কেউ কেউ অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে।
ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো- চরটেকি, চর আলগি, চর পাড়াতলা, মুনিয়ারাকান্দা, চর কাওনা, নয়াপাড়া, মির্জাপুর ও চরকুশি।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী খুশী মোহন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এলাকায় গিয়ে ভাঙনের তীব্রতা প্রত্যক্ষ করেছি। মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
"সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ভাঙন প্রতিরোধে প্রকল্প তৈরির কাজ করছি। প্রকল্প অনুমোদন সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।"
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নাহার বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামীকাল পানিসম্পদ প্রতিমন্ত্রী আসছেন। তার নির্দেশনা অনুযায়ী ভাঙন রোধে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হবে।
চরটেকি গ্রামের বৃদ্ধ আব্দুর রশিদ বলেন, আমার বসতবাড়ি শতাধিক ফল-ফলাদির গাছসহ নদীতে ভেঙে নিয়ে গেছে। গত একমাসে এখানে পাঁচশ' বাড়িঘর তলিয়ে গেছে। এখন আমি কোথায় থাকব জানি না।
একই গ্রামের বৃদ্ধ লোকমান আলী কণ্ঠেও শোনা যায় ঠাঁই হারানোর আক্ষেপ।
সব হারানো চরকুশি গ্রামের গৃহবধূ আঙুরা খাতুন, নয়াপাড়া গ্রামের সালেহা খাতুন, চরপাড়াতলা গ্রামের লাল মিয়া, চর কাওনা গ্রামের জরিনা খাতুনের মুখেও একই আক্ষেপ।
দক্ষিণ চরটেকি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম ভাঙনের হাত থেকে প্রতিষ্ঠানটিকে রক্ষার আবেদন জানান সরকারের সংশ্লিষ্টদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৯ ঘ.
bdnews24