সৈয়দ নাহাস পাশা
লন্ডন থেকে
লন্ডন, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটেনে কনজারভেটিভ পার্টির নেতৃত্বাধীন জোট সরকারের কঠোর অভিবাসন নীতির অংশ হিসাবে অ-ইউরোপীয়দের 'স্পাউস ভিসা'র ক্ষেত্রে ইংরেজী ভাষায় দক্ষতা প্রমাণের পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে।
ব্রিটেনে বসবাসকারীরা ভবিষ্যতে তাদের বিয়ে সূত্রে স্বামী, স্ত্রী বা পার্টনার ব্রিটেনে আনতে চাইলে আবেদনকারী স্বামী, স্ত্রী বা পার্টনারকে বাধ্যতামূলক ইংরেজী ভাষায় দক্ষতা প্রমাণের পরীক্ষার মুখোমুখি হতে হবে। এ পরীক্ষায় অকৃতকার্যদের ভিসা দেওয়া হবে না।
আগামী কয়েক মাসের মধ্যেই নতুন এ নিয়ম কার্যকর হবে। হোম সেক্রেটারি থেরেসা মে বাধ্যতামূলক এই ইংরেজী পরীক্ষার কথা বুধবার ঘোষণা করেন।
এছাড়া ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ হবে।
সরকারি কর্মকর্তারা মনে করছেন, ইংরেজী ভাষায় দক্ষতা পরীক্ষার এই নিয়ম চালু হলে বছরে ১০ শতাংশ অভিবাসী কম আসবে ব্রিটেনে। নতুন অভিবাসীর সংখ্যা কমাতেই আরো কঠোর শর্ত আরোপ করা হবে।
এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হবেন বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি অভিবাসীরা।
অ-ইউরোপীয়দের মধ্যে উপমহাদেশীয় ব্রিটিশ নাগরিকরাই সবচেয়ে বেশি স্পাউসদের ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের জন্যে নিয়ে আসেন।
থেরেসা মে বলেন, "যারা এদেশে স্থায়ীভাবে বসবাসে আগ্রহী তাদের জন্য ইংরেজী ভাষা জানা পূর্বশর্ত হওয়া উচিত বলে আমি বিশ্বাস করি। এতে ব্রিটিশ সমাজ ব্যবস্থার সঙ্গে একীভূত হওয়া সহজ হবে, সাংস্কৃতিক পার্থক্য কমবে এবং পাবলিক সার্ভিসের সুরক্ষা হবে।"
তিনি বলেন, "ব্রিটেনে বসবাসের জন্য আসা একটি সৌভাগ্যের ব্যাপার এবং আমি এর মান আরও বাড়াতে চাই, যাতে অভিবাসীরা এই সমাজে অবদান রাখতে পারেন।"
স্পাউস ভিসার জন্য ইংরেজী টেস্টের এমন একটি পরিকল্পনা হাতে নিয়েও ২০০৮ সালে তা বাতিল করে সাবেক লেবার পার্টি সরকার। তবে নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে 'সিটিজেনশীপ টেষ্ট' চালু করে তারা।
ব্রিটেনে অভিবাসন নীতি আরো কঠোর করা এবং সীমিত সংখ্যক অভিবাসীকে ব্রিটেনে প্রবেশ করতে দেয়ার অঙ্গীকার নিয়ে কনজারভেটিভ পার্টি ক্ষমতায় আসে। এই অঙ্গীকার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে এই বাধ্যতামূলক ইংরেজী পরীক্ষার নিয়ম চালু করা হচ্ছে।
এই নিয়ম প্রযোজ্য হবে- স্পাউসদের (স্বামী অথবা স্ত্রী) ক্ষেত্রে, সিভিল পার্টনারশীপ, অবিবাহিত যুগল, সমকামী পার্টনারশীপ, পাণিপ্রার্থীদের ভিসার ক্ষেত্রে। তারা যুক্তরাজ্যের অভ্যন্তরে থেকে বা অন্য দেশ থেকে স্থায়ীভাবে বসবাসের আবেদন করলেই এই ইংরেজী পরীক্ষা দিতে হবে।
পরীক্ষা হবে এ ওয়ান লেভেলের মৌলিক ইংরেজীর ওপর। এই মানের ভাষাদক্ষতার ভিত্তিতে বর্তমানে পয়েন্ট বেইজ সিস্টেমে দক্ষ শ্রমিকদের ব্রিটেনে প্রবেশ করতে দেয়া হয়।
ইউরোপের বাইরের কোনো দেশ থেকে যারা স্পাউস ভিসায় ব্রিটেনে আসতে চাইবেন তাদেরকে ভিসার আবেদনের সঙ্গে ইউকে বোর্ডার এজেন্সির অনুমোদিত টেস্ট সেন্টার থেকে এই পরীক্ষায় পাশের প্রমাণ উপস্থাপন করতে হবে।
বর্তমানে স্পাউস ভিসা আবেদনকারীদের ব্রিটেনে প্রবেশের আগে বিয়ের প্রকৃত প্রমাণ, সরকারি সাহায্য না নিয়ে স্পাউস ও নিজ ভরণপোষণ চালানোর সক্ষমতা প্রভৃতি প্রমান করতে হয়।
এছাড়া যুক্তরাজ্যে অথবা বিদেশে যেকোনো বিয়ের ক্ষেত্রে সঙ্গী প্রথমে যুক্তরাজ্যে এসে একত্রে কমপক্ষে দুই বছর বসবাসের পরেই শুধু স্থায়ীভাবে বসবাসের জন্য হোম অফিসে আবেদন করতে পারেন। দুই বছর পার হয়ে যাওয়ার পর তাদেরকে 'নলেজ অব লাইফ এ্যান্ড ল্যাংগুয়েজ টেষ্ট' দিতে হবে।
হোম সেক্রেটারী থেরেসা মে বলেন, এই ইংরেজী পরীক্ষা হলো প্রথম পদক্ষেপ। আমরা ভিসা ব্যবস্থায় ভাষা সম্পর্কিত বিষয়গুলো পর্যালোচনা করছি এবং ভবিষ্যতে তা আরো কঠোর করা হবে। সীমিত সংখ্যক ওয়ার্কিং ভিসা প্রদান, স্টুডেন্টদের আরো নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নিয়ে আসাও রয়েছে সরকারের এজেন্ডায়।
২০০৯ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের বিভিন্ন দেশ থেকে স্পাউস ভিসায় আসা ৩৮ হাজার এবং দুই বছর মেয়াদোত্তীর্ণ হওয়ার পরে স্থায়ীভাবে বসবাসের জন্য ব্রিটেনে ২১ হাজার মানুষকে অনুমতি প্রদান করা হয়।
জয়েন্ট কাউন্সিল ফর দ্যা ওয়েলফেয়ার অব ইমিগ্র্যান্টস সরকারের এই নতুন নীতির তীব্র নিন্দা জানিয়েছে। তারা এটাকে বৈষম্যমূলক বলে উল্লেখ করেছে।
এই সংগঠনের মুখপাত্র হীনা মজিদ বলেন, ইংরেজী শেখার ব্যাপারটি সমর্থন করি। কিন্তু কেউ প্রিয়জনের কাছে আসতে চাইলে তার হয়তো কয়েক বছর লাগবে এই 'টেষ্ট' পাশ করতে। আর এই সময়ের মধ্যে তারা হয়তো যুক্তরাজ্যে একসঙ্গে বসবাসের সুযোগ পাবেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/কেএমএস/১৩৩৪ ঘ.
bdnews24