মৌলভীবাজার, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চা বাগান কর্মচারীদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের জন্য মজুরি কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, চা বাগানের শ্রমিক-কর্মচারীর ন্যায়সংঙ্গত দাবি পূরণে সরকার অঙ্গীকারাবদ্ধ।
ইতোমধ্যে চা শ্রমিকদের জন্য গঠিত মজুরি কমিশনের সুপারিশ অনুযায়ী শ্রমিকদের মজুরি বাস্তবায়ন করা হয়েছে বলেও তিনি জানান।
রোববার দুপুরে জেলার শ্রীমঙ্গলে পৌরসভা মাঠে বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বর্তমান সরকার শ্রম-বান্ধব নীতিতে বিশ্বাসী দাবি করে মন্ত্রী বলেন, মালিক, শ্রমিক ও কর্মচারী-এ তিনের সমন্বয় না হলে চা শিল্পে কাঙ্খিত উন্নয়ন কখনো সম্ভব নয়।
টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মো. ইকবাল চৌধুরী, মো. জাকারিয়া, হাবিবুর রহমান, সত্যব্রত ভট্টাচার্য্য, রিংকু মিশ্র, মো. সেলিম প্রমুখ।
উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম, চা বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান, সদস্য মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেছার আহমেদ প্রমুখ।
একই স্থানে সন্ধা ৬ টায় আয়োজিত একটি চা শ্রমিক সমাবেশেও মন্ত্রী বক্তব্য রাখেন।
এখানে তিনি বলেন, বেশিরভাগ চা বাগানের ৯৯ বছরের ইজারার মেয়াদ এক-দুই বছরের মধ্যে শেষ হবে। ইজারা নবায়নের আগে চা শ্রমিকদের বসত-ভূমির দাবির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।
দেড় শতাধিক বছর ধরে বসবাসরত শ্রমিকদের এ দাবিকে ন্যায়সংগত উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের সময়েই এ সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
চা-শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক বিজয় বুনারজির সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন- জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদ, জেলা আওয়ামী লীগৈর সাধারণ সম্পাদক নেছার আহমদ, চা-শ্রমিক নেত্রী গীতা গোস্বামী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১২ ঘ.
bdnews24