ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোটের সরকার স্বৈরতন্ত্রের দিকে এগুচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। রোববার এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।
মওদুদ আহমেদ বলেন, ''পত্রিকা বন্ধ করে দিয়ে এই সরকার তার ব্যর্থতা ঢাকতে চায়। তারা স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত গণমাধ্যমে এরকম পরিস্থিতি দেখেছি। এটা দেশের জন্য শুভ নয়।''
সাংবাদিকদের এ ব্যাপারে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
'আমার দেশ' পত্রিকার প্রকাশনা (ডিক্লারেশন) বাতিল ও পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত প্রতীক অনশন ও সংহতি সমাবেশে মওদুদ এসব কথা বলেন।
এরপর বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আমার দেশ পত্রিকা চালু ও ভারপ্রাপ্ত সম্পাদকের মুক্তির দাবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদ মানববন্ধন করেন। তারা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন।
প্রবীন সাংবাদিক আতাউস সামাদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ড্যাবের সভাপতি অধ্যাপক আজিজুল হক, সাবেক সভাপতি এ জেড এম জাহিদ হোসেন, জাতীয়তাবাদী সমর্থক ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজীসহ বিভিন্ন পেশাজীবী নেতারা বক্তব্য রাখেন।
প্রেসক্লাব মিলনায়তনে প্রতীক অনশন অনুষ্ঠানে মওদুদ আহমেদ বলেন, ''দেশের কথা বলা এবং সরকারের ব্যর্থতা তুলে ধরার অপরাধে বেআইনিভাবে আমার দেশ-এর প্রকাশণা বাতিল ও ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার সরকারের জন্য অশনি সংকেত। অবিলম্বে পত্রিকাটির প্রকাশনা বাতিল আদেশ প্রত্যাহার করুন। ভারপ্রাপ্ত সম্পাদককে নিঃশর্ত মুক্তি দিন।''
জাগপা'র সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, রাজিয়া ফয়েজ, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শওকত হোসেন নিলু, ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোমিন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ. বিডিআরের সাবেক মহাপচিালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ন ম ফজলুর রহমান, শামীম আল মামুন. ইসলামী ঐক্যজোট মহাসচিব আবদুল লতিফ নিজামী বক্তব্য রাখেন।
পরে মওদুদ আহমেদ ফলের রাস পান করিয়ে অনশনকারীদের অনশন ভঙ্গ করান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৮৩০ ঘ.
bdnews24