২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দমকল বাহিনীকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে নেওয়ার চিন্তা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা দমকল বাহিনীকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার চিন্তা করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 09:16 AM

Updated : 25 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা দমকল বাহিনীকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার চিন্তা করছে সরকার। রোববার রাজধানীতে এক মতবিনিময় সভা শেষে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক একথা জানান। দমকল বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকলেও দুর্যোগ মোকাবেলায় কাজ করে থাকে। এই বাহিনীকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে নেওয়ার কোনো চিন্তা আছে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। দমকল বাহিনী মূলত দুর্যোগ ব্যবস্থাপনার কাজ করে থাকে। তাই দমকল বাহিনীকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে নেওয়া প্রয়োজন। তাদের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন।" গুলশানের একটি রেস্তোরাঁয় 'দুর্যোগ ঝুঁকি ও হ্রাসে সুশাসন: গল্পকথা' শীর্ষক ওই মতবিনিময় সভা হয়। বাংলাদেশ দুর্যোগ প্রস্তুতিকরণ কেন্দ্র (বিডিপিসি), মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) যৌথভাবে সভাটি আয়োজন করে। সভায় পুরান ঢাকার আগুনে নিহতদের আত্মার শান্তি কামনা করে মন্ত্রী রাজ্জাক বলেন, "অতীতে অনেক অগ্নিকাণ্ড হয়েছে। কিন্তু এতো বড় হতাহতের ঘটনা ঘটেনি। এতে আমরা মর্মাহত। সরকার এদের চিকিৎসার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থাও করবে।" ওই অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেকের পরিবারকে ডাচ-বাংলা ব্যাংকের এক লাখ করে টাকা দেওয়ার ঘোষণার প্রসঙ্গ তুলে তিনি বলেন, "তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকেও নানা ধরনের সহায়তা দেওয়া হবে।" গত বৃহস্পতিবার রাতে পুরান ঢাকার নিমতলীতে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৭ জনের মৃত্যু হয়েছে। আহত কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক। বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ এলাকা এবং ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, "তাই দুর্যোগ মোকাবেলায় সরকার প্রায় ৭০ কোটি টাকার সরঞ্জামাদি কিনেছে। প্রায় ৬২ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা হচ্ছে।" সভায় দুর্যোগপ্রবণ বাগেরহাট, সিরাজগঞ্জ, খুলনা ও সাতক্ষীরার বেশ কয়েকজন তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এজে/কেএমএস/১৫১১ ঘ.