ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁওয়ে বাস চাপা পড়ে সিদ্ধেশ্বরী মহিলা কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন।
শনিবার বিকাল ৩ টার দিকে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের কাছে এ দুর্ঘটনা ঘটে।
খিলগাঁও থানার ওসি মো. নাজিমুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিদ্ধেশ্বরী মহিলা কলেজের ইংরেজী বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী
কামরুন নাহার যুথি (২০) বেলা ৩ টার দিকে রিকশায় করে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। পথে তিনি ওই স্থানে বাস চাপা পড়ে গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
ওসি জানান, ছালছাবিল পরিবহনের ঘাতক বাস ও এর চালক মনির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে খিলগাঁও থানায় একটি মামলা করা হয়েছে।
যুথির বাবা মাইনুদ্দিন একটি বায়িং হাউজে চাকরি করেন। দুই ভাইবোনের মধ্যে যুথি বড়।
দুই সপ্তাহ আগে বেপরোয়া গতির বাস চাপা পড়ে রাজধানীর আজিমপুরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন শিক্ষার্থী মারা যায়।
বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেএমএস/০১২৫ ঘ.
bdnews24