চট্টগ্রাম, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নাগরিক কমিটির মেয়র প্রার্থী মহিউদ্দিন চৌধুরীর পক্ষে সমর্থন জানালেন তার বিরোধী বলে পরিচিত মহানগর আওয়ামী লীগ নেতারা।
শুক্রবার সন্ধ্যায় নাগরিক কমিটি কার্যালয়ে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের উপস্থিতিতে এক সভায় মহিউদ্দিনের পক্ষে কাজ করার ঘোষণা দেন আওয়ামী লীগ মহানগর কমিটির সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নাঈমুদ্দিন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী।
এসময় সাবেক মেয়রের বিরোধী তিন ওয়ার্ড কাউন্সিলর জালাল উদ্দিন ইকবাল, তারেক সোলেমান সেলিম ও গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
তারা সবাই মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাংসদ নুরুল ইসলাম বিএসসি'র পক্ষের লোক। নুরুল ইসলামের সঙ্গে মহিউদ্দিনের বিরোধ দীর্ঘদিনের। এর মধ্যে রেজাউল করিম মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও পরে দলীয় সভানেত্রীর নিদের্শে প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব-উল-আলম হানিফ বলেন, চট্টগ্রামের নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের দোসর বিএনপি'র প্রার্থীকে যেকোনো মূল্যে পরাজিত করতে হবে। নাগরিক কমিটি ও আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিনকে জয়ী করে প্রমাণ করতে হবে যুদ্ধাপরাধীদের স্থান এদেশে নেই।
সিসিসি নির্বাচন নিয়ে বিএনপি 'ষড়যন্ত্র' করছে বলে দাবি করেন হানিফ। তিনি সব বিরোধ ভুলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এসময় অন্যান্যের মধ্যে মহিউদ্দিনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ইসহাক মিয়া ও নাগরিক কমিটির সদস্য সচিব এমদাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
মহিউদ্দিনের গণসংযোগ
এদিকে শুক্রবার বিকাল থেকে প্রবল বর্ষণ উপেক্ষা করে রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালিয়েছেন নাগরিক কমিটির মেয়র প্রার্থী মহিউদ্দিন চৌধুরী।
সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় শেষে বিকালে নগরীর মোহরা, চান্দগাঁও বাহির সিগন্যাল, মিয়াখান নগর ও ময়দার মিল এলাকায় তিনি গণসংযোগ করেন এবং জাহাজ প্রতীকে ভোট চান।
এ ছাড়া রাতে নিজ বাসভবনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফসহ মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করেন মহিউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১১৫ ঘ.
bdnews24