২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে অরাজকতা সহ্য করা হবে না: সিইসি

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো ধরনের অরাজকতা সহ্য করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2010, 02:30 PM

Updated : 25 Aug 2022, 11:39 AM

চট্টগ্রাম, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো ধরনের অরাজকতা সহ্য করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। তিনি শুক্রবার বিকালে নগরীর সার্কিট হাউজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন। নির্বাচনের দিন কোথাও কোন কেন্দ্রে গোলমাল হলে তা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হবে বলেও তিনি জানান। শামসুল হুদা সভায় উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে যথাযথভাবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করার আহ্বান জানান। সভায় সিইসি আরও বলেন, ভোলার উপ-নির্বাচনে প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয়ের অভাব ছিল বেশি। সিসিসি নির্বাচনে দায়িত্ব পালনকারী সব সংস্থার মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমশিনার সিরাজুল হক খান, সিসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান মিয়া, জেলা প্রশাসক ফয়েজ আহমদ, র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী ও বিডিআর-এর উর্ধতন কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী কর্মকর্তারা। এর আগে সিইসি শুক্রবার দুপুরে নগরীর মুসলিম হলে প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০২৬ ঘ.