ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নির্বাচনে ঋণ গ্রহিতা প্রার্থীর সংখ্যা বেশি বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে সিসিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য প্রকাশকালে একথা বলা হয়।
নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্যবলী প্রকাশ করে সংগঠনের সভাপতি অধ্যাপক মুজাফফর আহমেদ বলেন, ''এর মাধ্যমে দেশে 'ভোটার শিক্ষা' সংস্কৃতি গড়ে উঠবে। ফলে গণতন্ত্র কার্যকর ও শক্তিশালী হবে। ভোট দেওয়ার আগে প্রার্থীদের সর্ম্পকে সব ধরণের তথ্য স্বচ্ছভাবে প্রকাশ করার উদ্দেশ্যে আমাদের এই উদ্যোগ।''
ঢাকা রিপোর্টাস ইউনিটি কার্যালয়ে সকালে এই সংবাদ সম্মেলন হয়। সিসিসি নির্বাচনে প্রার্থীদের সম্পর্কে তথ্য প্রকাশ করলেও এ বিষয়ে কোনো মূল্যায়ন করেনি সংগঠনটি।
তারা বলেন, ''আমরা নই, এটা ভোটাররা মূল্যায়ন করবেন।''
আগামী ১৭ জুন সিসিসি নির্বাচনে ভোট গ্রহন হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহারের পর মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫৯ জন এবং মহিলা আসনে ২৮৭ জন অর্থাৎ মোট ৩১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম সিটি নির্বাচনে ৮ মেয়র প্রার্থীর মধ্যে ২ জনের ঋণ ও দায় রয়েছে। এর পরিমান ১০ কোটি টাকার ওপরে। সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৫৯ জনের ঋন রয়েছে। যার মধ্যে ১০ জনের ঋনের পরিমান ১ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত।
কর সংক্রান্ত তথ্যাবলীতে এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ ৮ মেয়র প্রার্থীর মধ্যে কেবল ৪ জনই আয়কর দেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এর মধ্যে মহিউদ্দিন চৌধুরীর প্রদত্ত করের পরিমান ১০ হাজার ৯ শ টাকা। মনজুরুল আলম সবচেয়ে বেশি কর প্রদান করেন।
সম্পদের হিসাব বিবরণীতে দেখা যায়, মেয়র প্রার্থীদের মধ্যে ২ জন কোটিপতি। সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীরা অনেকে সম্পদের মূল্য দেননি বিবরণীতে। তবে এই পদের বেশিরভাগ প্রার্থীর সম্পদ ৫ লাখ টাকার নিচে। কেবল ৫ জন কাউন্সিলর প্রার্থী কোটিপতি।
পেশা সংক্রান্ত তথ্যে দেখা যায়, ৮ মেয়র প্রার্থীর মধ্যে ৫ জন এবং কাউন্সিলরদের মধ্যে অধিকাংশই অর্থাৎ ১৮৯ জন ব্যবসায়ী। মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৫৪ দশমিক ২৩ ভাগ গৃহিনী। মহিলার প্রার্থীর মধ্যে ব্যবসায়ী প্রার্থীর সংখ্যা মাত্র ৬ জন, চাকুরিজীবীর সংখ্যা মাত্র ৩ জন।
বিভিন্ন তথ্য তুলে ধরে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক বদিউল আলম মজুমদার জানান, সিসিসি নির্বাচনে প্রার্থীদের এসব তথ্যবলী ওয়েবসাইটে দেওয়া হবে যা ভোটাররা সরাসরি দেখতে পারবেন।
কার্যকরী কমিটির সদস্য এএসএম শাহজাহান অভিযোগ করেন, সিসিসির নির্বাচনী ময়দানে এখন প্রতিশ্রতির বন্যা বইছে। যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। প্রার্থীদের নিজের তথ্যবলী প্রকাশের মাধ্যমে আমরা ভোটারদের সচেতন করতে চাই। ''
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সুজনের সহসভাপতি হাফিজউদ্দিন খান ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৬১৫ ঘ.
bdnews24