ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বেগুনবাড়িতে এবার একটি সাততলা ভবন হেলে পড়েছে।
বেগুনবাড়ি এলাকায় দুদিন আগে একটি পাঁচতলা ভবন ধসে ২৫ জনের প্রাণহানি হওয়ার পর এই ভবনটি হেলে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভবনের বাসিন্দা ও আশেপাশের লোকজনের মধ্যে।
শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তর বেগুনবাড়ির ৪০/এ/৭ প্লটের সাততলা ভবনটি উত্তর দিকে হেলে পড়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে দুপুর ১২টায় পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তবে ঠিক কবে ও কখন ভবনটি এভাবে হেলে পড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, ভবনের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, বেশ কয়েকদিন আগে ভবনটির সামান্য হেলে পড়ার বিষয়টি লক্ষ করলেও তারা তা গুরুত্ব দেয়নি। শুক্রবার সকালে মনে হয়েছে, ভবনটি আরও একটু বেশি হেলে পড়েছে। তাই ভবনের বাসিন্দা ও আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
ভবন হেলে পড়ার কথা জনে জনে ছড়িয়ে পড়ায় পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা শুক্রবার সেখানে ছুটে যায়। তারা ভবন থেকে অনেককে সরিয়ে নেন।
বাড়ির মালিক সিরাজ মিয়াকে পুলিশ খুঁজছে জানিয়ে এসআই শাহাবুদ্দিন বলেন, "ওই ভবনে আর কেউ থাকতে চাইছে না।"
মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে বেগুনবাড়ির পোস্ট অফিস গলির ১৮/বি নম্বর বাড়িটি ধসে পাশের কয়েকটি তিন তলা টিনশেড বাড়ির ওপর পড়ে। এতে ২৫ জন নিহত হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় ২১ জনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/কেএমএস/১৫৩৫ ঘ.
bdnews24