২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসন: আদেশ অনেক, বদল কম

প্রশাসনের তিনজন ক্যাডার বহির্ভূত সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে উন্নীত করা হয়েছে। এছাড়া বিভিন্ন মেয়াদে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে চারটি গুরুত্বপূর্ণ সংস্থার প্রধানের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 12:58 PM

Updated : 25 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের তিনজন ক্যাডার বহির্ভূত সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে উন্নীত করা হয়েছে। এছাড়া বিভিন্ন মেয়াদে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে চারটি গুরুত্বপূর্ণ সংস্থার প্রধানের। সংস্থাপন মন্ত্রণালয়ের কয়েকটি আদেশে মঙ্গলবার তাদের পদোন্নতি ও চুক্তির মেয়াদ বাড়ানো কথা জানানো হয়। এছাড়াও একইদিন তিনজন যুগ্ম-সচিব ও চারজন উপসচিব পর্যায়ের কর্মকর্তা পদে রদবদল করা হয়। নতুন পদোন্নতি পাওয়া তিন উপসচিব হলেন- নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সৈয়দ কামাল উদ্দিন, সড়ক ও রেলপথ বিভাগের দেলোয়ার হোসেন এবং মন্ত্রিপরিষদ বিভাগের আবদুস সামাদ। তবে তাদের পদায়ন হয়নি। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক একে ফজলুল আহাদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়েছে। আগামী ১ জুলাই থেকে তার এ বর্ধিত নিয়োগের মেয়াদ কার্যকর হবে। অবসরপ্রাপ্ত এই অতিরিক্ত সচিব গত বছরের ২৩ জুন ওই পদে চুক্তিতে নিয়োগ পান। চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিস্কাশন কর্তৃপক্ষের (চট্টগ্রাম ওয়াসা) চেয়ারম্যান একেএম ফজলুল্লাহ'র চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে এক বছর। আগামী ৮ জুলাই থেকে এই মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে। তিনি ওই পদে গত বছরের ৬ জুন থেকে নিয়োজিত রয়েছেন। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান মোহাম্মদ আবু হাফিজের চুক্তির মেয়াদ বেড়েছে আরো দ্ইু বছর। আগামী ১ জুলাই থেকে এ বর্ধিত সীমা কার্যকর হবে। অবসরপ্রাপ্ত এই অতিরিক্ত সচিব গত বছরের ২৪ জুন বিএসইসি'র চেয়ারম্যান পদে নিয়োগ পান। বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদারকে একইপদে আরো দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গত বছরের ২৯ জুন তিনি ওই পদে প্রথম চুক্তিতে নিয়োগ পান। তার নতুন নিয়োগ আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবদুল আজিজ এবং ওএসডি যুগ্ম-সচিব পবন চৌধুরীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নিয়োগ করা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য সাফাত আহমেদ চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে বদলি করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের উপসচিব এসএম আবুল কালাম আজাদকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বদলি এবং রফিকুল ইসলামকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রেজাউল করিমকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। ওএসডি করা হয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক (উপসচিব) আলাউল হককে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক পদে প্রেষণে কর্মরত সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাসেমকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে তার পূর্ব কর্মস্থলে ফিরিয়ে দিতে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ কেএমএস/১৮৫৬ঘ.