ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হেফাজতে মৃত্যুর ক্ষেত্রে হাইকোর্ট 'জিরো টলারেন্স' দেখাবে।
চট্টগ্রামে পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যু ঘটনায় করা রিটের শুনানিতে মঙ্গলবার বিচারপতি এ এইচ এম চৌধুরী ও মো. দেলোয়ার হোসেনের বেঞ্চ বলেছে, সংবিধান অনুযায়ী আদালত মানুষের জীবনের অধিকার রক্ষা করতে শপথবদ্ধ।
আদালত অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সংশ্লিষ্ট আইনজীবীর মাধ্যমে সকল কর্মকর্তাকে সতর্ক করে দিয়ে বলেছে, হেফাজতে মৃত্যু বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে আদালতের আদেশ অমান্য করার প্রবণতা।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও চট্টগ্রাম পুলিশ কমিশনারের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুকে আদালতের উদ্বেগের কথা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের জানাতে বলা হয়েছে।
গত ১১ মে দৈনিক যুগান্তরসহ বিভিন্ন সংবাদমাধ্যমে চট্টগ্রামে পুলিশ হেফাজতে নৈশপ্রহরী মানিকের মৃত্যুর বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
এ ঘটনায় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে একটি জনস্বার্থ রিট আবেদন করে।
গত ১২ মে হাইকোর্ট ঘটনা তদন্ত করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছিল।
একইসঙ্গে চট্টগ্রামের কোতয়ালি থানার উপ-পরিদর্শক ইউনুস মিয়াকে ২৩ মে হাইকোর্টে সশরীরে হাজির হয়ে ঘটনার লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।
ঘটনা সম্পর্কে আইনের বিধান অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা- তার প্রতিবেদন আদালতে জমা দেওয়ার জন্য চট্টগ্রামের পুলিশ কমিশনার মো. মুনিরুজ্জামানকেও নির্দেশ দেওয়া হয়।
কিন্তু তিনি প্রতিবেদন না দেওয়ায় ২৩ মে হাইকোর্ট তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে।
মঙ্গলবার চট্টগ্রামের পুলিশ কমিশনার হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় আদালত অবমাননার অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
তিনি আদালতকে জানান, হেফাজতে নৈশ প্রহরী মোহাম্মদ মানিক হত্যার জন্য অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ইউনুসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
আদালত অভিযুক্ত উপ-পরিদর্শক ইউনুসকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে।
আদালত বলেছে, তার বিরুদ্ধে হেফাজতে নৈশ প্রহরী মানিক হত্যার অভিযোগে মামলা হয়েছে এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রিট আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএসবি/১৭৪৭ ঘ.
bdnews24