২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট হামলা: বাবরের জামিন আবেদন ফের নাকচ

এবার মহানগর দায়রা জজ আদালত ২১ আগস্ট গ্রেনেড হামলার দুই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন আবেদন নাকচ করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 12:31 PM

Updated : 25 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার মহানগর দায়রা জজ আদালত ২১ আগস্ট গ্রেনেড হামলার দুই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন আবেদন নাকচ করে দিয়েছে। মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইসমাইল হোসেন তার জামিন আবেদন নাকচ করে দেন। এর আগে গত ৫ মে ঢাকার ১ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইনও বাবরের জামিন আবেদন নাকচ করেন। বাবরের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেসবাহ। রাষ্ট্রপক্ষে আবেদনের বিরোধিতা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার । মেসবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন তারা। জামিন আবেদনের শুনানিতে বলা হয়, বাবর এখন ভীষণ অসুস্থ। তার মেরুদন্ড, চোখ এবং হৃদযন্ত্রে নানা সমস্যা রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন বাবরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তার চিকিৎসকরা। ২০০৪ সালের ২১ আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দলটির মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন অনেকে। এই ঘটনায় মতিঝিল থানায় মামলা করা হয়। পরে হত্যা, হত্যা চেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, নিষিদ্ধ হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে আলাদা দুটি অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্র দেওয়ার পর দুই মামলা হিসাবে বিচার শুরু হয়। পরে দুই মামলারই অধিকতর তদন্তের আবেদন করা হলে সময় দেয় আদালত। পরে গত বছরের ২৬ অক্টোবর বাবরকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলার তদন্ত ভিন্ন খাতে নিয়ে যাওয়া, আলামত নষ্ট এবং গ্রেনেড সরবরাহে জড়িত থাকার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএএ/এইচএ/১৮২২ ঘ.