ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় নিযুক্ত অস্ট্রেলীয় হাই কমিশনার জাস্টিন লী বলেছেন, আরোপিত উচ্চ হারের শুল্ক হ্রাস ও অ-শুল্ক বাধা দূর হলে বাংলাদেশ এবং অষ্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়বে।
সোমবার রাজধানীর একটি হোটেলে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
হাই কমিশনার জানান, অস্ট্রেলীয় ব্যবসায়ীরা বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী।
তিনি বলেন, "অস্ট্রেলীয় পণ্যের ওপর শুল্ক হ্রাস দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে অবদান রাখার পাশাপাশি অস্ট্রেলিয়া থেকে মানসম্পন্ন পণ্য পেতে ভোক্তাদের সাহায্য করবে।"
অস্ট্রেলীয় দূত বলেন, তার দেশের দুগ্ধজাত পণ্য এবং তাজা ফলের ক্ষেত্রে উচ্চ শুল্ক ও অ-শুল্ক বাধার বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত।
এ সম্পর্কে তিনি উল্লেখ করেন যে, অস্ট্রেলীয় তাজা ফল ও দুগ্ধজাত পণ্যের ওপর ব্যবসায়ীদের ৬৫ শতাংশ শুল্ক পরিশোধ করতে হয়। আর তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ক্ষেত্রে শুল্ক ২৪ শতাংশ।
হাই কমিশনার লী আরো বলেন, " আমি অ-শুল্ক বাধার একটি উদাহরণ দিতে পারি। দুধ রপ্তানির জন্য ব্যবসায়ীদের মেলামিন সার্টিফিকেট জমা দিতে হয়। অথচ আমাদের দেশে দুধে মেলামিন মেশানোর কোনো নজির নেই।"
তিনি জানান, অস্ট্রেলিয়া সেদেশের বাজারে ২০০৩ সাল থেকে বাংলাদেশকে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দিচ্ছে।
২০০৮-০৯ সালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৪৯৫ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার। ২০০৭-০৮ সালে যা ছিল ২৮১ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার, যেখানে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ৪৩ মিলিয়ন ডলার। অবশ্য দুই দেশের বাণিজ্য ব্যবধান অস্ট্রেলিয়ার অনুকূলে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতি আনিসুল হক। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়া বিষয়ক অস্ট্রেলীয় ট্রেড কমিশনার পিটার লিনফোর্ড।
এফবিসিসিআই সভাপতি বলেন, অস্ট্রেলীয় ব্যবসায়ীরা বাংলাদেশের অবকাঠামো ও কয়লাভিত্তিক জ্বালানি খাতে বিনিয়োগ করতে পারে।
সাবেক মন্ত্রী মিজানুর রহমান শেলী সম্মানীত অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান ও সেক্রেটারি শাকিল আহমেদ খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/১৯৩২ ঘ.
bdnews24