জাবি, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, শিক্ষা পর্ষদ ও অর্থ কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ১৩টি পদের মধ্যে ১১টিতে জিতেছেন আওয়ামীপন্থী শিক্ষকরা। বাকি দুটি পদে জয়ী হয়েছেন বিএনপিপন্থীরা।
সোমবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে ভোটগ্রহণ হয়।
রাত সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক সাংবাদিকদের এ তথ্য জানান।
বিএনপিপন্থী শিক্ষকরা 'বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ও উদারপন্থী শিক্ষক প্যানেল' এবং আওয়ামীপন্থীরা 'মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি'র ব্যানারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রতিদ্বন্দ্বি না থাকায় সিন্ডিকেট নির্বাচনের ডিন পদে আওয়ামীপন্থী প্যানেলের গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. নুরুল আলম এবং প্রভোস্ট পদে নওয়াব ফয়জুন্নেছা হলের প্রভোস্ট অধ্যাপক এস এম বদিয়ার রহমানকে আগেই নির্বাচিত ঘোষণা করা হয়।
অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে আওয়ামীপন্থী প্যানেলের অধ্যাপক ড. মো. আবুল হোসেন ও মোহাম্মদ বখতিয়ার রানা বিজয়ী হয়েছেন।
সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে জিতেছেন বিএনপিপন্থী প্যানেলের এ কে এম রাশিদুল আলম ও বোরহান উদ্দিন।
শিক্ষা পর্ষদে সহযোগী অধ্যাপক পদে আওয়ামীপন্থী প্যানেল থেকে জিতেছেন লিটন জুড রোজারিও, তৌহিদুল ইসলাম, সুকল্যাণ কুমার কুণ্ডু।
সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে একই প্যানেলের জাহাঙ্গীর আলম, কামরুল হাসান, আবু তোয়াব শাকির জয়লাভ করেন।
এছাড়া অর্থ কমিটির সদস্য পদে আওয়ামীপন্থী প্রীথিলা নাজনীন নীলিমা নির্বাচিত হয়েছেন।
রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৬ ঘ.
bdnews24