২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গঠনতন্ত্র সংশোধন না করেই ইসির সঙ্গে বসতে চায় জামায়াত

গঠনতন্ত্রে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ধারাগুলো সংশোধনে তিন দফা চিঠি দেওয়া হলেও তা সংশোধন না করেই নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসতে চায় জামায়াতে ইসলামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গঠনতন্ত্রে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ধারাগুলো সংশোধনে তিন দফা চিঠি দেওয়া হলেও তা সংশোধন না করেই নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসতে চায় জামায়াতে ইসলামী। দলটিকে আগামী ১০ জুনের মধ্যে গঠনতন্ত্র সংশোধনে সময় দেওয়া আছে। সাংঘর্ষিক ধারাগুলো সংশোধনে জামায়াতকে ইসি সর্বশেষ মে মাসের প্রথম দিকে চিঠি দিয়েছে। এদিকে জামায়াত ইসির সঙ্গে জুনের প্রথম সপ্তাহে বৈঠকের জন্য সময় চেয়ে চিঠি দিয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। নির্বাচন কমিশন তার দলের ১০ সদস্যের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসার জন্য সময় দেবে-এই আশা প্রকাশ করে মুজাহিদ বলেন, "মত বিনিময়ের জন্য আমাদের লোক ইসির সঙ্গে যোগাযোগ করেছে। সময় দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে ইসি।" তবে এখনো বৈঠকের সময় চূড়ান্ত হয়নি বলে জানান মুজাহিদ। গঠনতন্ত্র সংশোধন করে ইসির সঙ্গে আলোচনায় বসা হচ্ছে কিনা জানতে চাইলে মুজাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গঠনতন্ত্র সংশোধনে ইসির চিঠির বক্তব্য স্পষ্ট নয়। সংশোধনের কোনো প্রয়োজন আছে কিনা তা বৈঠকে আমরা প্রথমে আলোচনা করে দেখবো। প্রয়োজন হলে সে বিষয়ে দলীয় বৈঠকে নিজেরা আবার আলোচনা করব।" জুলাইয়ের এই দলের মজলিশে শূরার বৈঠক রয়েছে। গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে ওই সময়ে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে চায় জামায়াত। রোববার ইসি সচিবালয়ের যুগ্মসচিব (আইন) ও গঠনতন্ত্র যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক এন আই খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জুলাইয়ে জামায়াতের কাউন্সিলের আগেই ইসির সঙ্গে বৈঠকে বসার সুযোগ চাওয়া হয়েছে চিঠিতে। তবে তারা গঠনতন্ত্র সংশোধন কবে নাগাদ করবে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয় নি।" ইসির এই কর্মকর্তা জানান, জুনের প্রথম সপ্তাহে বৈঠকের সুযোগ চেয়ে জামায়াত যে চিঠি দিয়েছে সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত এখনো নেয় নি। দলটি দাবি করেছে, ইসি-জামায়াত আলোচনা করলে গঠনতন্ত্র সংশোধনের বিষয়টি সমাধান হয়ে যাবে। জামায়াতের গঠনতন্ত্রে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক অন্তত সাতটি বিষয় রয়েছে। গঠনতন্ত্র সংশোধনে জামায়াতকে তৃতীয় দফায় চিঠি দেওয়ার জন্য ২ মে সিদ্ধান্ত নেয়া হয়। সে অনুযায়ী ইসি ১০ জুন পর্যন্ত সময় দিয়ে ৯ মে চিঠি পাঠায়। এর আগে প্রথমবার চিঠি দেওয়া হয় গত ২৪ জানুয়ারি। দ্বিতীয়বার চিঠি দেওয়া হয় গত ২৫ মার্চ। ইসির আইন শাখার কর্মকর্তারা জানান, দলের কমিটিতে ২০২০ সালের মধ্যে ৩৩ শতাংশ নারী প্রতিনিধির অন্তর্ভুক্তিসহ জামায়াতের গঠনতন্ত্রের কয়েকটি বিষয়ে আপত্তি এনে সেগুলো সংশোধন করতে বলা হয়। এই বিষয়গুলোর মধ্যে রয়েছে 'সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে ইসলামের সুবিচারপূর্ণ শাসন কায়েম করিয়া সমাজ হইতে সকল প্রকার জুলুম, শোষণ, দুর্নীতি ও অবিচারের অবসান ঘটানোর আহ্বান।'; 'ইসলামী মূল্যবোধের উজ্জীবন ও জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে সর্বপ্রকার অভ্যন্তরীণ ও বৈদেশিক হুমকি এবং বিশৃঙ্খলা হইতে রক্ষা করিবার প্রচেষ্টা চালানো।'; 'ইসলামের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠাকল্পে গোটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাঞ্ছিত সংশোধন আনয়নের উদ্দেশ্যে নিয়মতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তন এবং সমাজের সর্বস্তরে সৎ ও খোদাভীরু নেতৃত্ব কায়েমের চেষ্টা করা।' ইসির পর্যালোচনা কমিটির মতে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশ গণতান্ত্রিক রীতিতে পরিচালিত হবে। এখানে ইসলামের সুবিচারপূর্ণ শাসনব্যবস্থা কায়েমের কোনো সুযোগ নেই। জামায়াতের উদ্দেশ্যও বাংলাদেশের সংবিধানের মূল চেতনার পরিপন্থী। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ইতোমধ্যে জানিয়েছেন, জামায়াত গঠনতন্ত্র সংশোধন না করা পর্যন্ত তা গ্রহণ করবে না ইসি। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দলীয় গঠনতন্ত্রে নিবন্ধন শর্ত না মানা হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিল করার বিধান রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার রোববার ঢাকায় সার্ক দেশগুলোর নির্বাচন কমিশনারদের এক বৈঠকে বলেন, "বিভিন্ন ইস্যুতে সব দেশেই ইসি রাজনৈতিক দল, গণমাধ্যম, এনজিও, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসে। অনেকে প্রতি দু'মাস অন্তর বসে।" রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা নিয়মিত হওয়া উচিত বলে মত দেন তিনি। নবম সংসদ নির্বাচনের আগে গঠনতন্ত্র সংশোধনের খসড়া জমা দিয়ে ৩৯টি দল ইসিতে নিবন্ধিত হয়। এবছর ২৫ জানুয়ারির মধ্যে সংশোধিত স্থায়ী গঠনতন্ত্র জমা দিতে না পারায় নিবন্ধন বাতিল হয়েছে ফ্রিডম পার্টির। এন আই খান জানান, নিবন্ধিত দলগুলোর মধ্যে জামায়াত ছাড়া দব দলই ইসির আবেদনে সাড়া দিয়ে গঠনতন্ত্র সংশোধন করে জমা দিয়েছে। ছোটখাটো ত্র"টি সংশোধনের জন্য শুধু বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি ও বাংলাদেশ তরিকত ফেডারেশনকে আগামী ১৫ জুনের মধ্যে সংশোধিত স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/২০০০ ঘ.