ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে রাজধানী ঢাকায় দলীয় উদ্যোগে খাবার বিতরণে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার সকাল সাড়ে ১০টায় তেজগাঁওয়ের শাহিনবাগ মাঠ থেকে এই কর্মসূচি শুরু করেন তিনি।
খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দলের সহসভাপতি সেলিমা রহমান।
সোমবার তেজগাঁও, রমনা, কাফরুল, পল্লবী, মিরপুর, আদাবর, ক্যান্টনমেন্ট, উত্তরা, বাড্ডা ও গুলশানের বিভিন্ন ওয়ার্ডে খাবার বিতরণ করবেন বলে জানিয়েছেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম।
রোববার প্রথম দিনে খালেদা জিয়া মোহাম্মদপুরের টাউনহল মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন। এরপর সারাদিনে ধানমন্ডি, লালবাগ, কামরাঙ্গীরচর, সূত্রাপুর, পল্টন, ডেমরা, সবুজবাগ, মতিঝিল, রমনা ও খিলগাঁওয়ের বিভিন্ন স্থানে খাবার বিতরন করে তিনি রাত ১০টায় ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসায় ফেরেন।
মহানগরীতে তিনদিনের এই কর্মসূচি শেষ হবে মঙ্গলবার। এদিন খালেদা জিয়া কোতয়ালি, শ্যামপুর ও কেরানীগঞ্জ থানা এলাকায় খাবার বিতরন করবেন।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি ওয়ার্ডে ওয়ার্ডে তিনদিনব্যাপী এই খাবার বিতরণ কর্মসূচি গ্রহন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৬১৩ ঘ.
bdnews24