নোয়াখালী, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় টর্নেডোতে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৩০ জন।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের চর তোরাব আলী ও কেরামতপুর গ্রামে প্রায় এক মিনিট স্থায়ী এ টর্নোডো আঘাত হানে।
নিহতরা হলেন- ছালেহা খাতুন (৩২) ও তার মেয়ে সাজেদা খাতুন (১৪ মাস)। চরক্লার্ক ইউনিয়নের চর তোরাব আলী গ্রামের বাসিন্দা তারা।
চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চর তোরাবআলী গ্রামে বেল সাড়ে ১১টার দিকে টর্নেডোর আঘাতে ঘরচাপা পড়ে ছালেহা ও তার মেয়ে সাজেদা মারা যায়। ঝড়ে আরো শতাধিক কাঁচাঘর ও গাছপালা উপড়ে যায়।
টর্নেডোর সময় চর তোরাবআলী ও কেরামতপুর গ্রামে অন্তত ৩০ জন আহত হয় বলে জানান তিনি। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।
চর তোরাব আলী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফোরকান হোসেন জানান, স্কুলে আসার পথে ঝড়ের মধ্যে পড়ে স্কুলের পাঁচ শিক্ষার্থী আহত হয়।
ফারজানা নামে চতুর্থ শ্রেণীর এক প্রতিবন্ধী ছাত্রী নিখোঁজ রয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১৩৫২ ঘ.
bdnews24