চট্টগ্রাম, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরীর মেয়র নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মঞ্জুর আলম মঞ্জুকে সমর্থন দিতে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াচ্ছেন জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী আফসার উদ্দিন।
জামায়াতের চট্টগ্রাম মহানগর আমির ও সংসদ সদস্য এম শামসুল ইসলাম সোমবার একথা জানিয়েছেন।
সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বিরোধী দলীয় নেত্রীর অনুরোধে এবং বর্তমান যে দুঃশাসন চলছে এর বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি হিসেবে সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নির্বাচনে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে মেয়র পদে লড়ছেন মঞ্জু।
মহানগর জামায়াতের নায়েবে আমির ও স্থানীয় দৈনিক কর্ণফুলীর সম্পাদক আফসার উদ্দিন প্রার্থী হয়েছেন সম্মিলিত নাগরিক পরিষদের ব্যানারে।
আগামী ১৭ জুন অনুষ্ঠেয় এ নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী লড়ছেন নাগরিক কমিটির ব্যানারে।
শামসুল জানান, সকালে নগরীর দেওয়ানজি পুকুর লেনে মহানগর জামায়াতের কার্যালয়ে চারদলীয় জোট এবং সম্মিলিত নাগরিক পরিষদের নেতারা বৈঠক বসে মঞ্জুরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য আফসার উদ্দিনের মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।
তবে কবে নাগাদ আফসার উদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করবেন তা এখনো চূড়ান্ত হয়নি বলেও তিনি জানান।
এর আগে গত ২০ মে মেয়র পদে আফসার উদ্দিনের মনোয়নপত্র জমা দেওয়ার পর শামসুল সাংবাদিকদের জানান, বিএনপির পক্ষ থেকে মেয়র নির্বাচন নিয়ে কোনো প্রকার সাড়া না পেয়ে তারা আলাদাভাবে নির্বাচন করছেন।
নির্বাচনে ইসলামী ঐক্যজোট (একাংশ), খেলাফত মজলিশ, বাংলাদেশ জাতীয় পার্টি, জাতীয় পার্টি (মঞ্জু)সহ সাতটি রাজনৈতিক দল জামায়াতকে সমর্থন দিচ্ছে বলেও তখন দাবি করেন তিনি।
মঞ্জু এক সময় আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন। তবে গত সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চট্টগ্রাম নগরীর একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/১২০০ ঘ.
bdnews24