চট্টগ্রাম, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রোববার বিকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
গয়েশ্বর বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের সাংসদসহ আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠক করে মহিউদ্দিন চৌধুরীর পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন। তফসিল ঘোষণার পর প্রধানমন্ত্রীর এ কার্যক্রম নির্বাচনী আচরণবিধি ভাঙার শামিল।"
মেয়র নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন এবং সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বিএনপির এ কেন্দ্রীয় নেতা বলেন, "নির্বাচনে কোনো এদিক-সেদিক করা হলে ১৭ জুন থেকেই সরকার পতনের আন্দোলন শুরু করা হবে। উদহরণসহ বুঝিয়ে দেওয়া হবে বিএনপি কী পারে আর না পারে।"
এসময় চট্টগ্রাম সিটি মেয়র নির্বাচনে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মঞ্জুর আলম উপস্থিত ছিলেন।
নির্বাচনের দিন মহানগরীতে লাখো কর্মীর মহাসমাবেশ ঘটানোর আহবান জানান তিনি। তিনি আওয়ামী লীগের ডিজিটাল কারচুপি থেকে মেয়র নির্বাচনকে বাঁচানোরও আহ্বান জানান।
আগামী ১৭ জুন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে ভোট গ্রহণ হবে।
আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমালোচনা করে গয়েশ্বর বলেন, "মহিউদ্দিন সাহেব ভাবেন চট্টগ্রামে মেয়র পদের জন্য তার থেকে বিকল্প কোনো লোক নেই। তিনি এবার মেয়র হলে চট্টগ্রাম বন্দরকে বিক্রি করে দেবেন।"
মঞ্জুর আলমকে জয়ী করতে দলমত ভুলে চট্টগ্রামের মানুষকেই কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
দক্ষিণ জেলা বিএনপি সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মহানগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক হুইপ ওয়াহিদুল আলম, বিএনপি নেতা আবু সুফিয়ান প্রমুখ।
এদিকে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর ও উত্তর জেলা বিএনপি পৃথক কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল রাঙ্গুনিয়ায় জিয়ার প্রথম কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, ফাতেহা পাঠ ও আলোচনা সভা।
রাঙ্গুনিয়ায় জিয়ার কবরে গয়েশ্বর রায় ছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মঞ্জুর আলম এবং উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপি নেতার উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/পিডি/১৯৪৭ ঘ.
bdnews24