২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গা থেকে লবণ শিল্প অপসারণে হাইকোর্টের রুল

বুড়িগঙ্গায় অবৈধ দখলের মাধ্যমে স্থাপিত লবণ শিল্প অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট সরকারের প্রতি রুলনিশি জারি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2010, 01:34 PM

Updated : 25 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গায় অবৈধ দখলের মাধ্যমে স্থাপিত লবণ শিল্প অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট সরকারের প্রতি রুলনিশি জারি করেছে। সেইসঙ্গে ওই লবণ শিল্পের মালিকের নাম ও ঠিকানা আগামী সাত দিনের মধ্যে হাইকোর্টে দাখিল করতে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের বেঞ্চ মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর দায়ের করা একটি জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। সরকারের স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিচালক, পরিচালক (পরিকল্পনা), প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, ঢাকার জেলা প্রশাসক ও লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী তিন সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনে বলা হয়, গত ৪ মে দি ডেইলি স্টার পত্রিকায় রাজধানীর লালবাগ এলাকায় বুড়িগঙ্গা নদী বেদখল করে একটি লবণ শিল্পের স্থাপনা তৈরী সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ শুনানিতে বলেন, নদী রক্ষায় হাইকোর্টের দেওয়া রায়ে ঢাকার চারটি নদীর অভ্যন্তরে সব ধরনের অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বুড়িগঙ্গা নদীর অভ্যন্তরে বেদখল করে লবণ শিল্প স্থাপন হাইকোর্টের রায়ের লংঘন ও বেআইনি। সরকার পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/১৯২২ ঘ.