২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত ফি নেওয়ায় রাজশাহী কলেজে বিক্ষোভ

ফরম পূরণে অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা রোববার সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2010, 12:55 PM

Updated : 25 Aug 2022, 11:24 AM

রাজশাহী, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরম পূরণে অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা রোববার সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ ফরম পূরণ সাময়িকভাবে বন্ধ রাখে। সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বেলাল হোসেন, গণিত বিভাগের ইকবাল ও জুয়েল রানা দাবি করেন, রোববার ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে তারা জানতে পারেন বিভিন্ন বিভাগের ফরম পূরণ বাবদ নির্ধারিত ফি'র চেয়ে পাঁচশ থেকে সাড়ে আটশ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে প্রায় এক ঘণ্টা কলেজের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শণ করে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে পুলিশ এলে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতরে বিক্ষোভ করে অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবি জানায়। এ সময় ফরম পূরণ কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থী নেতারা আলোচনায় বসে। কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান জানান, সংশ্লিষ্ট বিভাগগুলোতে সেমিনার ফি না নিয়ে কেন্দ্রীয়ভাবে ফি নেয়ায় কিছু ছাত্র ভুল বুঝে ফরম পূরণে বাঁধার সৃষ্টি করে। আলোচনার মাধ্যমে আবারো বেলা ১২টার দিকে ফরম পূরণ শুরু হয়। কলেজের অধ্যক্ষ ড. আলী রেজা আব্দুল মজিদ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ফরম পূরণের ফি নেয়া হচ্ছে। কিন্তু রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কিছু ছাত্র অন্যদের প্রভাবিত করে বাঁধার সৃষ্টি করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৬ মে থকে শুরু হওয়া এই ফরম পূরণ চলবে আগামি ৩ জুন পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৫০ ঘ.