ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলামের করা মানহানির মামলায় আমার দেশ'র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে তলব করেছে আদালত।
পত্রিকাটিকে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের ভাই হিসেবে রোববার সকালে মোরশেদুল ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে মামলাটি করেন।
দুপুরে শুনানি শেষে হাকিম আব্দুল মজিদ আগামী ১০ জুনের মধ্যে খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মাহমুদুরকে আদালতে হাজির হতে সমন জারির নির্দেশ দেন।
মামলায় ওই পত্রিকার প্রকাশক মো. হাসমত আলী, প্রতিবেদক এমএ নোমান ও রাকিব হোসেনকেও আসামি করা হয়।
আদালত তাদেরও তলব করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মোরশেদুলের আইনজীবী খন্দকার মো. গোলাম কিবরিয়া।
মোরশেদুলের মামলার আরজিতে বলা হয়েছে, গত ২৭ এবং ২৮ মে তারিখে আমার দেশ এ প্রকাশিত প্রতিবেদনে কামরুল ইসলামসহ তার পরিবারকে রাজাকার পরিবার বলায় ভাই হিসেবে বাদির নিজেরও মানহানি হয়েছে।
কামরুল ১৯৭১ সালে ভারতের দেরাদুন মিলিটারি একাডেমিতে বাংলাদেশ লিবারেশন ফোর্সের প্রথম ব্যাচে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন বলে মোরশেদুল জানান।
বাদি বলেন, তার বাবা খোরশেদুল ইসলাম ও ভাই আজিজুল ইসলাম ইউনানী চিকিৎসক ছিলেন। আজিজুল ইউনানী ও আয়ুর্বেদীয় বোর্ডের চেয়ারম্যান, তিব্বতিয়া কলেজের অধ্যক্ষ ছিলেন।
জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কারপ্রাপ্ত মোরশেদুলের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে আগামী, সূচনা, চাকা, দুখাই, দীপু নাম্বার টু ইত্যাদি।
মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মাণে পরিবার থেকেই উৎসাহ পেয়েছেন বলে মোরশেদুল তার আরজিতে বলেন।
প্রতিমন্ত্রী কামরুল ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24