সিলেট, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষকদের আলাদা বেতন স্কেল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, "শিক্ষকদের বেতনভাতা সবার চেয়ে বেশি করা হবে। তবে এটা করতে হবে আস্তে আস্তে। কারণ আমাদের সীমাবদ্ধতা রয়েছে।
"শুধু বেতনভাতা নয়, শিক্ষকদের সম্মান বৃদ্ধিতেও আমাদের সবাইকে কাজ করতে হবে।"
শনিবার দুপুরে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি প্রকল্পের পরিচিতি এবং নারীশিক্ষা বিস্তার ও গুণগত মানসম্পন্ন শিক্ষা অর্জন বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে জেলা শিক্ষা অফিস।
শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়ার পথে মেয়েদের উত্ত্যক্তকারীদের সম্পর্কে তিনি বলেন, এরা শুধু বখাটে নয়, সন্ত্রাসীও বটে। প্রয়োজনে নতুন আইন করে বখাটে সন্ত্রাসীদের দমন করা হবে।
এ ব্যাপারে জনসচেতনতা বাড়িয়ে বখাটেদের সম্মিলিতভাবে প্রতিরোধ করার আহ্বান জানান তিনি।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি প্রকল্পের পরিচালক মো. আউয়াল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন-জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মো. সিরাজুল হক, সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এস এম আবদুল খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শাহাবউদ্দিন খান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক জাহাঙ্গীর কবির আহমদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২২১৭ ঘ.
bdnews24