২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে মহিলাসহ ৩ খুন

যশোরে মহিলাসহ তিনজন খুন হয়েছে। যশোর শহর, সদর উপজেলা ও চৌগাছায় এসব হত্যাকাণ্ড ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 03:59 PM

Updated : 25 Aug 2022, 11:20 AM

যশোর, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে মহিলাসহ তিনজন খুন হয়েছে। যশোর শহর, সদর উপজেলা ও চৌগাছায় এসব হত্যাকাণ্ড ঘটে। সদর উপজেলার বসুন্দিয়া খান পাড়ার সবদুল আলী খানের ছেলে আব্দুল গণি সৎভাইদের হাতে জমিজমা সংক্রান্ত কোন্দলের জের ধরে খুন হন। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে চৌগাছার সিংহঝুলি গ্রামে ছুরিকাঘাতে নিহত হন শ্রমিক ওলিয়ার রহমান। একই রাতে যশোর শহরের একটি আবাসিক হোটেল থেকে এক তরুনীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাস রোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়। যশোর কোতোয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, আব্দুল গণির সাথে জমিজমা নিয়ে তার সৎভাই সেলিম, কামরুল ও নজরুলের বিরোধ ছিল। এরই জের ধরে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে ওই তিন ভাই গণিকে বেদম প্রহার করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় গণির ছেলে জুয়েল কোতোয়ালি থানায় একটি মামলা করেছে। চৌগাছায় ছুরিকাঘাতে নিহত ওলিয়ার রহমানের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার মণিপুরী গ্রামে। তিনি সিংহঝুলি গ্রামে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন। অন্যদিকে যশোরের আবাসিক হোটেলে লক্ষ্মী পারভীন নামের তরুনীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তার প্রকৃত নাম রাশিদা পারভিন (২৫)। বাড়ি চুয়াডাঙ্গা জেলার হাসানপুর গ্রামে। রাশিদা এক সন্তানের জননী। তার স্বামী শামসুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী। পুলিশ জানায়, শুক্রবার বেলা ১২ টার দিকে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলের একটি কক্ষে ওঠে রাশিদা ও পাশের গ্রামের যুবক আলম ফকির। তারা ভুয়া নাম-পরিচয়ে হোটেলে কক্ষ ভাড়া নেয়। বিকেল ৫ টার দিকে আলম হোটেল থেকে বাইরে যায়। এরপর সে আর ফিরে আসেনি। রাত ১০ টার দিকে হোটেলের কর্মচারীদের সন্দেহ হওয়ায় তারা ওই কক্ষে প্রবেশ করে রাশিদার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। এই তিনটি খুনের ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৫৬ঘ.