২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সব সময় প্রস্তুত: শেখ হাসিনা

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সামনের সারিতে থেকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 12:41 PM

Updated : 25 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সামনের সারিতে থেকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, "জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধীনে বিশ্বের যে কোনো দেশে, যে কোনো জায়গায় শান্তি রক্ষার কাজে সাহায্য করতে আমরা প্রস্তুত।" জাতিসংঘের শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে শনিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, "জাতিসংঘ শান্তি মিশনে এবং বহুজাতিক বাহিনীতে আমাদের সদস্যদের অবদান যেমন বিশ্বের দরবারে বাংরাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে তেমনিভাবে তাদের কষ্টার্জিত বৈদেশিক মূদ্রা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে সহায়তা করেছে।" শান্তি মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে গত ২০ বছরে মৃত্যুবরণকারী ৯৮ জন বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি অনুষ্ঠানে গভীর শ্রদ্ধা জানানো হয়। এই শান্তিরক্ষীদের নিকট আত্মীয় ও আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা দেওয়া হয়। মন্ত্রিপরিষদের সদস্যগণ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগন, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল জেড ইউ আহমেদ, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী আর্থাও এরকেন এবং গনমাধ্যম ব্যক্তিত্বসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি শান্তিরক্ষীদের কর্মকাণ্ডের ওপর বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়। সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত প্রদর্শনী জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভিন্ন কর্মসূচি গ্রহন করে। সকাল ৭ টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দর মসজিদ কমপ্লেক্স থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা পর্যন্ত 'পিসকিপারস রান' এর মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এর উদ্বোধন করেন বানিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারীদের প্রতি সম্মান জানাতে ২০০২ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ ইতিমধ্যে বিশ্বের শীর্ষস্থানীয় দেশে পরিণত হয়েছে। ১৩ টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নয় হাজার ৩০০ এবং পুলিশের এক হাজার ৬০০ সদস্য নিয়োজিত আছে। দিবসটি উপলক্ষে জাতিসংঘ মহাসচিব বান কি মুন, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দেন। ২০০৯ সালে নিহত ১২১ জন শান্তিরক্ষীকে শান্তিরক্ষী দিবসে মরণোত্তর 'দাগ হামারশোল্ড' সম্মানে ভূষিত করা হয়। এছাড়া এ বছরের প্রথম দিকে হাইতির ভূমিকম্পে নিহত ৯৬ জন শান্তিরক্ষীকেও মরণোত্তর সম্মান দেওয়া হয়। ১৯৪৮ সালের ২৯ মে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনে ইউনাইটেড ন্যাশনস ট্রুস সুপারভিশন অর্গানাইজেশন (ইউএনটিএসও) নামে প্রথম শান্তিরক্ষা মিশনের কাজ শুরু হয়। বর্তমানে বিশ্বের ১১৫ টি দেশের এক লাখ ২৪ হাজারের বেশি শান্তিরক্ষী ১৬টি দেশে কাজ করছেন। এর মধ্যে এক লাখ সেনা ও পুলিশ সদস্য রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এইচএ/কিউএইচ/এজে/কেএমএস/১৮১৯ঘ.