ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য নিরাপত্তা বিনিয়োগ ফোরামের বৈঠকের সুপারিশ অনুযায়ী তিন বিষয়ে গুরুত্ব দিয়ে সম্ভাব্য বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে সরকার।
রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিনিয়োগ ফোরামের দুদিনব্যাপি সম্মেলনের শেষ দিনে এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক।
তিনি জানান, কৃষি উৎপাদন ও বিপণন, মৎস্য ও পশুপসম্পদ পালন এবং ভূ-পৃষ্ঠের পানি ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে সুপারিশ গ্রহণ করে দাতাদের কাছে সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফোরামের সুপারিশ চূড়ান্ত করতে খাদ্য সচিবের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
কমিটি আগামী পাঁচদিনের মধ্যেই সুপারিশ চূড়ান্ত করে খাদ্য মন্ত্রণালয়ে জমা দেবে বলে জানান মন্ত্রী।
সংবাদ সম্মেলনে কৃষি সচিব সিকিউকে মোসতাক আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোখলেছুর রহমান, খাদ্য সচিব বরুণ দেব মিত্র, এফএও'র আবাসিক প্রতিনিধি অ্যাড স্পাইকার্সসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সম্মেলনে উপস্থিত দাতা দেশ ও সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা অন্য যেকোন সময়ের তুলনায় এবার অনেক বেশি আন্তরিক বলে জানান মন্ত্রী আবদুর রাজ্জাক।
তিনি বলেন, "তারা এবার বাংলাদেশকেই নিজের পরিকল্পনা এবং বিধি-নিষেধ তৈরি করতে বলেছে। তারা বাংলাদেশের ওপর কোনো কিছু চাপিয়ে দেবে না বলেও জানিয়েছে।"
সুপারিশের বিষয়গুলো তুলে ধরে খাদ্যমন্ত্রী বলেন, এবার দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি, মৎস্য ও পশুপালন, উপকূলীয় এলাকার মানুষকে আর্থিক সহায়তা প্রদান, ভূ-উপরিস্থ পানি সম্পদ ব্যবস্থাপনা এবং কৃষি পণ্যের বাজারজাতকরণ ও পণ্যমূল্য পাওয়া নিশ্চিত করার গুরুত্ব দেওয়া হয়েছে।
কৃষিপণ্যের বাজারজাত করার ক্ষেত্রে তারা বাংলাদেশে বিশেষায়িত কারখানা প্রতিষ্ঠারও প্রতিশ্র"তিও পাওয়া গেছে বলে জানান তিনি।
এসব ক্ষেত্রে বাংলাদেশে সম্ভাব্য বিনিয়োগ পরিকল্পনা সম্পর্কে খাদ্যমন্ত্রী জানান, মাল্টি-ডোনার ট্রাস্ট ফান্ড ইতোমধ্যেই বাংলাদেশের জন্য পাঁচ কোটি ডলার সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী জুনের মধ্যেই প্রকল্প দিতে তারা বাংলাদেশকে তাগিদ দিয়েছে।
এছাড়াও জি-৮'র কানাডা সম্মেলনে কোন দেশকে কী ধরণের সহায়তা দেওয়া হবে তা চূড়ান্ত করা হবে। সেখানে বাংলাদেশে সম্ভাব্য বিনিয়োগও চূড়ান্ত হবে। বাংলাদেশ এ সম্মেলনের মাধ্যমে নেওয়া সুপারিশ ও কর্মপরিকল্পনার ভিত্তিতে সেখানে সহায়তা চাইবে।
জি-৮ গ্র"প বিশ্ব খাদ্য নিরাপত্তা নিরাপত্তার জন্য ইতোমধ্যেই দুই হাজার কোটি ডলার সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের ৫০টি দেশের মধ্যে এ বরাদ্দ করা হবে। এ অর্থের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র দেবে সাড়ে তিন বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এক্ষেত্রে মডেল হিসেবে নিয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী।
এর আগে খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে দুইদিন ব্যাপি বিনিয়োগ ফোরামের সমাপনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, খাদ্য নিরাপত্তার বিষয়টি বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও অবহেলিত হয়েছে। যে কারণে আমাদের ২০০৭-০৮ সালের মতো খাদ্য সঙ্কটে পড়তে হয়েছে। তাই আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব খাদ্য উৎপাদনের ওপরই বিশেষ গুরুত্ব দিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএইচএন/পিডি/২১০৪ ঘ.
bdnews24