নারায়ণগঞ্জ, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার দুটি গ্রামে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে মাটিতে ফাটল দেখা দিয়েছে।
মঙ্গলবার ভোরে বরপা ও সুতালরা এলাকায় ফাটল দেখা দেয়। ফাটলের সীমানা ও গভীরতা বাড়ছে বলে স্থানীয়রা জানিয়েছে।
বিকাল পৌনে ৬টায় রূপগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা মল্লিক ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, "আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। বিভিন্ন জায়গায় ফাঁটল দেখা দিয়েছে। ফাটলের গভীরতা কোথাও ৫-৭ ফুট। একটি বাড়ির ভেতরেও ফাটল দেখেছি।"
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, রূপগঞ্জ শিল্প এলাকায় ভূ-গর্ভ থেকে বেশি বেশি পানি উত্তোলনের কারণে এটা হতে পারে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও ইউএনও জানান।
উজেলার সুতালরা এলাকার রফিক মোল্লা জানান, বরপা গ্রামের হাজী আলফাজের ভাড়াটিয়া বাড়ির সামনে থেকে তাদের গ্রামের মোস্তফিজ মোল্লার বসতবাড়ি হয়ে প্রায় এক কিলোমিটার এলাকায় হঠাৎ মাটিতে ফাটল দেখা দেয়।
তিনি জানান, মাটির এ ফাটল দেখতে আশপাশের হাজার হাজার লোকজন ভিড় জমায়। অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছে। ফাটলের আশপাশের বসতবাড়ির লোকজন ঘরের আসবাবপত্র, গরু, ছাগল অন্যত্র সরিয়ে নিয়েছে।
ওই এলাকার অগ্রণী সেচ প্রকল্পের বেড়িবাঁধ এলাকায়ও ফাটল দেখা দিয়েছে। ফলে স্থানীয় লোকজন আগামী বর্ষা মৌসুমে বাঁধ ভেঙ্গে যাওয়ার আশঙ্কা করছে।
এলাকাবাসীর দাবি, রূপগঞ্জের বরপা, সুতালরা, মাসাবো, কান্দাপাড়া, কর্ণগোপ এলাকায় বড় বড় মিল কারখানায় গভীর নলকূপ থেকে অতিরিক্ত পানি উত্তোলনের ফলে মাটিতে ফাটল দেখা দিয়েছে।
যে কোনো সময় ফাটল এলাকা দেবে গিয়ে মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
সুতালরা এলাকার সোহরাব হোসেন জানান, ভোরে ঘুম থেকে উঠেই মাটিতে ফাটল দেখতে পাই। মাটিতে ফাটলের ঘটনায় আতঙ্কে দুই গ্রামের হাজার হাজার লোক ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।
তিনি জানান, সময় যত বাড়ছে ফাটল বড় হচ্ছে। বাড়ছে লোকজনের মধ্যে আতঙ্ক।
রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০১৬ ঘ.
bdnews24