সাভার, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারে একটি পোশাক কারখানায় শ্রমিক ও কর্মকর্তাদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে সাভারের জামগড়া এলাকার এ এম ডিজাইন লিমিটেডের শ্রমিকরা দুই কর্মকর্তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ ও কারখানার ফটকে তালা লাগিয়ে দেয়।
দুপুরের দিকে তারা কর্মকর্তাদের ওপর হামলায় চালায়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়।
আশুলিয়া থানা পুলিশ জানায়, সকাল ১০টার দিকে ৬/৭শ' শ্রমিক কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) মো. সুজন ও ব্যবস্থাপক নজরুল ইসলামের অপসারণ দাবি করে বিক্ষোভ শুরু করে।
কর্তৃপক্ষ ওই দুই কর্মকর্তাকে অপসারণ না করায় শ্রমিকরা উত্তেজিত হয়ে দুপুর ১২ টার দিকে কারখানার মূল ফটকে তালা লাগিয়ে দেয়।
এক পর্যায়ে তারা কারখানায় হামলা চালালে কর্মকর্তাদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ব্যবস্থাপক (মানবসম্পদ) মিজানুর রহমান, ব্যবস্থাপক নজরুল ইসলামসহ প্রায় ১০ জন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছু শ্রমিক কারখানার ফটকে তালা লাগিয়ে কর্মকর্তাদের মারধর করে। পওে পুলিশ ফটকের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে আহতদের উদ্ধার করে।
তিনি আরো জানান, দুপুরে কারখানা কর্তৃপক্ষ ওই দুই কর্মকর্তাকে অপসারণের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৬ ঘ.
bdnews24