ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের এক লাখ ৬২ হাজার ৩৫৫ জন নতুন ভোটারের তালিকা প্রকাশ করেছে এ বিষয়ক নির্বাচন কমিশন।
সংসদের নির্বাচন পরিচালনায় গঠিত নির্বাচন কমিশনের প্রধান মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন। তালিকায় মৃত ও শহীদ মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেওয়া হয়েছে।
তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন হয়। এ সময় কমিশনের সদস্য বেসামরিক বিমান পরিবহন সচিব শফিক আলম মেহেদী, প্রাক্তন সচিব হীরালাল বালা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জামালউদ্দিন সিদ্দিকী ও অবসরপ্রাপ্ত মেজর আবদুস সালাম এবং প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।
আবদুল আজিজ বলেন, "২০০২ সালে প্রণীত মুক্তিযোদ্ধা সংসদ আইন অনুযায়ী এ ভোটার তালিকা করা হয়েছে। সরকারের গেজেট এবং আইন অনুসরণে প্রণীত এ তালিকা নির্ভুল।"
নির্বাচনে প্রার্থিতার যোগ্যতা-অযোগ্যতা প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব জানান, বাংলাদেশের নাগরিক সব মুক্তিযোদ্ধাই এতে প্রার্থী হতে পারবেন। তবে কোন ব্যক্তি নিজ ইউনিটের বাইরে প্রার্থী হতে পারবেন না। এক্ষেত্রে উপজেলা পর্যায়ে প্রার্থিতার জন্য সংশ্লিষ্ট উপজেলা, জেলার ক্ষেত্রে জেলার কোন একটি উপজেলা ইউনিটের ভোটার হতে হবে।
কোন রাজনৈতিক দলের যেকোন ইউনিটের কার্যকরী পরিষদে থাকা, মানসিক বিকার, নৈতিক স্খলনজনিত অপরাধে দুই বছরের দণ্ডপ্রাপ্ত এবং সংসদের যেকোন ইউনিটের পদে থাকা কোন ব্যক্তি এ নির্বাচনে অংশ নিতে পারবেন না।
তবে দণ্ড থেকে মুক্তির ন্যুনতম পাঁচ বছর পার হলে এবং সংশ্লিষ্ট ইউনিট থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
মঙ্গলবার এ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বলে জানান আবদুল আজিজ। তিনি বলেন, "নিজ নিজ কমান্ডের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে অফিস চলাকালে মনোনয়নপত্র নেওয়া এবং জমা দেওয়া যাবে। ২০০ টাকা মূল্যে এসব মনোনয়নপত্র কেনা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২২২৬ ঘ.
bdnews24