২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাইরেসি বন্ধে হাইকোর্টের রুল

কপিরাইট আইন অনুযায়ী পাইরেসি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2010, 05:38 PM

Updated : 25 Aug 2022, 10:52 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কপিরাইট আইন অনুযায়ী পাইরেসি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট। রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো.দেলোয়ার হোসেনের বেঞ্চ বাংলাদেশ ফিল্ম প্রডিউসারস অ্যান্ড ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মাযহারুল আনোয়ার ও মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহেদ আলীর দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিত এই আদেশ দেয়। সরকারের বাণিজ্য সচিব, অর্থ সচিব, সংস্কৃতি সচিব, শিল্প সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব, তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, র‌্যাবের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক, কপিরাইট বোর্ডের চেয়ারম্যান ও রেজিস্ট্রারকে আগামী তিন সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। সেইসঙ্গে পাইরেসি বন্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে প্রতি এক মাস অন্তর তা হাইকোর্টে দাখিলের নির্দেশ দেওয়া হয়। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২৩৩৫ঘ.