নরসিংদী, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর একটি কলেজকে এমপিওভুক্তি করার দাবিতে শনিবার প্রায় দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থী ও স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, বারৈচা কলেজের কয়েকশ শিক্ষার্থী সকাল ১১টার দিকে বারৈচা বাসস্ট্যান্ডের কাছে মহাসড়কে অবস্থান নেয়। এক পর্যায়ে স্থানীয়রাও শিক্ষার্থীদেও সঙ্গে যোগ দেয়।
স্থানীয় সংসদ সদস্য নুরুল মজিদ হুমায়ুন ঘটনাস্থলে গিয়ে কলেজটি এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দুপুর ১টার দিকে শিক্ষার্থী ও স্থানীয়রা অবরোধ ছাড়ে।
অবরোধের কারণে বারৈচা বাস স্ট্যান্ডের দুপাশে কয়েক কিলোমিটারব্যাপী যানজট সৃষ্টি হয়।
প্রায় ১০ বছর আগে প্রতিষ্ঠিত হয় বারৈচা কলেজ। বর্তমানে ৪৬০ শিক্ষার্থী এবং ২২ শিক্ষক কর্মচারী কর্মরত আছে কলেজটিতে।
দীর্ঘদিন পর সরকার বিভিন্ন বেসরকারি কলেজকে এমপিওভুক্তির উদ্যোগ নেয়। এজন্য শিক্ষা মন্ত্রণালয় একটি তালিকাও তৈরি করে। তবে ওই তালিকা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে সমালোচনা হলে তা চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদকে।
এমপিওভুক্ত হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেও বেতনটি সরকারি কোষাগার থেকে পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০০ ঘ.
bdnews24