২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্র জন্মবার্ষিকী: যৌথ অনুষ্ঠানসূচি তৈরি করতে মনমোহনের নির্দেশ

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী বাংলাদেশের সঙ্গে যৌথভাবে উদযাপন করার জন্য অনুষ্ঠানসূচি তৈরি করতে সে দেশের জাতীয় কমিটিকে নির্দেশ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2010, 09:37 AM

Updated : 25 Aug 2022, 10:48 AM

নয়াদিল্লি প্রতিনিধি নয়াদিল্লী, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী বাংলাদেশের সঙ্গে যৌথভাবে উদযাপন করার জন্য অনুষ্ঠানসূচি তৈরি করতে সে দেশের জাতীয় কমিটিকে নির্দেশ দিয়েছেন। তিনি বৃহস্পতিবার রবীন্দ্রনাথের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনে গঠিত জাতীয় কমিটির প্রথম বৈঠকে এই নির্দেশ দেন। কবির জন্মবার্ষিকী উদযাপনে এই কমিটি গঠন করেছে ভারত সরকার। গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কথা উল্লেখ করে মনমোহন সিং বলেন, "ওই সময় আমরা একমত হয়েছিলাম যে, ২০১১ সালে দুই দেশের প্রধানমন্ত্রীদের তত্ত্বাবধানে বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপিত হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন ও মূল্যবোধের প্রতি যথাযথ সম্মান জানানো এবং বাংলাদেশে রবীন্দ্রনাথের অসংখ্য অনুসারীকে এর অংশ করে নেওয়ার জন্য কমিটিকে এই দিকে দৃষ্টি দিতে হবে।" বৈঠকে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বলেন, এই জন্মবার্ষিকী ভারত ও বাংলাদেশের যৌথভাবে উদযাপনের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। গত ১১ জানুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মনমোহন সিং সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী এই কবির অবদানের কথা স্মরণ করেন। দুই দেশের জাতীয় সঙ্গীতই এই কবির রচিত। মনমোহন সিং বলেন, রবীন্দ্রনাথ বিশ্বের বহু দেশ ঘুরেছেন এবং অনেক দেশেই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করা হয়ে থাকে। রবীন্দ্রনাথের প্রতি এই শ্রদ্ধাকে পুনরুজ্জীবিত করে একটি ঐতিহাসিক সাংস্কৃতিক যোগাযোগ গড়ে তোলার জন্য বিশ্বের বিভিন্ন দেশে ভারতের দূতাবাসগুলোকে কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। ভারতের পশ্চিমবঙ্গে শান্তি নিকেতনে রবীন্দ্রনাথের স্বপ্নের বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার ওপরও জোর দেন তিনি। সাবেক গভর্নর গোপালকৃষ্ণ গান্ধীর নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড পুনরুদ্ধার করার জন্য ভারত সরকারের উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশের কথা উল্লেখ করেন তিনি। তিনি বলেন, "ভারত সরকার এই কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ করেছে। তবে আমি আশা করবো এই কমিটি নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই ঐতিহাসিক প্রতিষ্ঠানটির ঐতিহ্য পুনরুদ্ধার করতে সাহায্য করবে।" ভারতের রেল কর্তৃপক্ষ গত ৯ মে পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশন থেকে 'সংস্কৃতি এক্সপ্রেস' নামের রেলগাড়ি চালু করে। এটি রবীন্দ্রনাথের বিভিন্ন স্মৃতিচিহ্ন বাহী একটি ভ্রাম্যমান যাদুঘর। এতে যুক্ত রয়েছে 'জীবনস্মৃতি', 'গীতাঞ্জলী', 'মুক্তধারা' এবং 'চিত্রলেখা' নামের কোচ। এই কোচগুলোতে প্রদর্শন করা হচ্ছে রবীন্দ্রনাথের বিভিন্ন স্মৃতিচিহ্ন। ২০১১ সালে ৮ মে হাওড়া স্টেশনে ফিরবে সংস্কৃতি এক্সপ্রেস। এর আগে সারা ভারত ঘুরবে এটি। ভারতের রেলমন্ত্রী মমতা ব্যানার্জি এই ট্রেনটিকে ঢাকায় পাঠাতে আগ্রহী বলে মনে করা হয়। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে একটি পদক চালু করার পরিকল্পনাও করছে ভারত সরকার। এছাড়া এশিয়া মহাদেশে বিভিন্ন দেশের মধ্যে যে বন্ধন রবীন্দ্রনাথ তৈরি করেছেন তা আরো দৃঢ় করে তুলতে একটি এশীয় গবেষণা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও ভারতের রয়েছে। জাতীয় কমিটির বৈঠকে আরো উপস্থিত ছিলেন ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির সভাপতি সোনিয়া গান্ধী, পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অম্বিকা সোনি ও কমিটির অন্য সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/কেএমএস/১৫২১ ঘ.