ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমান ১৯৭১ সালে পাকিস্তানের চর ছিলেন বলে দাবি করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
এ বিষয়ে ভিন্নমত পোষণকারীদের টেলিভিশনে যে কোনো আলোচনা সভায় মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জও ছুড়েছেন তিনি।
যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদের এক সভায় প্রতিমন্ত্রী বলেন, "কোনো মানুষই মাত্র সাড়ে ৩ বছরে তার চিন্তা-চেতনা, বিশ্বাস ও মননের ১৮০ ডিগ্রি বিপরীতে যেতে পারে না। এটা মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু জিয়াউর রহমান তাই করেছেন।"
"জিয়া মুক্তিযুদ্ধে অংশ নিলেও বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধবিরোধী সব কাজই করেছিলেন", বলেন তিনি।
মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক জিয়া ক্ষমতায় যাওয়ার পর তার সরকারে মন্ত্রী করেছিলেন স্বাধীনতাবিরোধী বেশ কয়েকজনকে। বিএনপি প্রতিষ্ঠা করেন তিনি।
একাত্তরের মানবতাবিরোধী বিচার কার্যক্রম নিয়ে বিএনপির প্রশ্ন তোলা নিয়ে কামরুল বলেন, "বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া তারই ধারাবাহিকতায় যুদ্ধাপরাধীদের বিচারে বাধা সৃষ্টি করছেন।"
বাংলাদেশের স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী বিএনপির অন্যতম রাজনৈতিক মিত্র। যদিও বিএনপি বলছে, বিচারে তাদের আপত্তি নেই, তবে তা হতে হবে গ্রহণযোগ্য।
সরকারের বর্তমান মেয়াদেই এ বিচার হবে বলে আইন প্রতিমন্ত্রী জানান।
এ বিচারে গঠিত ট্রাইব্যুনালকে তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
কবিতাকণ্ঠ পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৫১৫ ঘ.
bdnews24