২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিলনের রিমান্ড শুনানি ৩ জুন

মারধর ও হত্যাচেষ্টার মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে জিজ্ঞাসাবাদের আবেদনের শুনানি আগামী ৩ জুন ধার্য করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2010, 01:59 PM

Updated : 25 Aug 2022, 10:42 AM

চাঁদপুর, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মারধর ও হত্যাচেষ্টার মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে জিজ্ঞাসাবাদের আবেদনের শুনানি আগামী ৩ জুন ধার্য করেছে আদালত। গত ৫ মে কচুয়া থানায় মামলাটি করেন উপজেলার উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি মজিবুর রহমান। এই মামলায় আরো পাঁচজনকে আসামি করা হয়েছে। গাড়ি ভাংচুরের অভিযোগ আওয়ামী লীগের সংসদ সদস্য মহীউদ্দিন খান আলমগীরের করা মামলায় মিলন বর্তমানে কারাগারে আছেন। নবম জাতীয় সংসদ নির্বাচনে কুচয়া আসনে আলমগীরের কাছে পরাজিত হন মিলন। মারধর ও হত্যাচেষ্টার মামলায় বৃহস্পতিবার দুপুরে মিলনকে কুমিল্লা কারাগার থেকে চাঁদপুরের বিচার বিভাগীয় হাকিম আসাদুজ্জমান নূরের আদালতে আনা হয়। এ সময় তিনি হুইল চেয়ারে ছিলেন। পুলিশ মিলনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতে রাখার আবেদন জানায়। এর বিরোধিতা করে মিলনের আইনজীবীরা আদালতকে জানান, ২৫ মে আরেকটি মামলায় জেলা জজ আদালতে শুনানির দিন ধার্য রয়েছে। আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় মিলন চিৎকার দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কিছু বলতে চাইলে পুলিশ তাকে বাধা দেয় এবং দ্রুত গাড়িতে উঠিয়ে কুমিল্লা নিয়ে যায়। মজিবুর অভিযোগ করেন, ২০০১ সালের ১৪ সেপ্টেম্বর কচুয়া উপজেলার উজানী বাজারে মিলনসহ তার সহযোগীরা তাকে মারধর করে ও হত্যার চেষ্টা চালায়। জোট সরকার ক্ষমতায় থাকায় তখন তিনি মামলা করতে পারেননি। মিলনের আইনজীবী মোজাম্মেল হক ও কামরুল ইসলাম দাবি করেন, মিলনের বিরুদ্ধে একের পর এক হয়রানিমূলক মামলা দিয়ে তাকে অসুস্থ করে ফেলা হচ্ছে। এক মামলায় জামিন না পেতেই অন্য মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। মিলনের বিরুদ্ধে চাঁদপুরের আদালত ও বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। এদিকে মিলনের মুক্তির দাবিতে বৃহস্পতিবার চাঁদপুর আদালতের প্রবেশ পথে কচুয়া পৌর ও উপজেলা বিএনপি মানববন্ধন কর্মসুচি পালন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৫৪ ঘ.