২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রায় ৭ মাস পর মুক্তি পেলেন মেহনাজ

সংসদ সদস্য ফজলে নূর তাপসের মামলায় গ্রেপ্তার হওয়ার প্রায় সাত মাস পর মুক্তি পেয়েছেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ফাঁসির আসামি আব্দুর রশিদের মেয়ে খন্দকার মেহনাজ রশিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2010, 09:23 AM

Updated : 25 Aug 2022, 10:44 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্য ফজলে নূর তাপসের মামলায় গ্রেপ্তার হওয়ার প্রায় সাত মাস পর মুক্তি পেয়েছেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ফাঁসির আসামি আব্দুর রশিদের মেয়ে খন্দকার মেহনাজ রশিদ। বঙ্গবন্ধু পরিবারের সদস্য তাপসের ওপর বোমা হামলা মামলায় তাকে গত বছরের ২৪ অক্টোবর গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান বলে কারা কর্মকর্তারা জানিয়েছেন। গত ২ মে তাপসের মামলায় ছয় মাস বা পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত হাইকোর্ট মেহনাজকে জামিন দেয়। কাশিমপুরের উপ-কারারক্ষক মুশফিকুর রহমান ও লিপি রাণী সরকার বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, হাইকোর্ট জামিন দিলেও এরপর ওই আদেশ ১৭ মে পর্যন্ত স্থগিত করা হয়। ৬ মে এ সংক্রান্ত কাগজ-পত্র করাগারে আসে। কিন্তু মেহনাজের পরিবারের পক্ষ থেকে আদালতে ওই আদেশের বিপরীতে আপিল করার আবেদন (লিভ টু আপিল) করেন। ১৮ মে তার জামিন স্থগিতের আর কোনো আদেশ না থাকায় মঙ্গলবার তাকে মুক্তি দেওয়া হয়, বলেন কারা কর্মকর্তারা। গত বছরের ১২ নভেম্বর এক বছরের শিশু কন্যা নুশফারিনসহ মেহনাজকে কাশিমপুর কারাগারে পাঠানো হয় । বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল শুনানি শুরু হওয়ার পর গত বছরের ২১ অক্টোবর রাতে মতিঝিলে ঢাকা-১২ আসনের সংসদ সদস্য তাপসের গাড়িতে বোমা হামলা হয়। তিনি বেঁচে গেলেও আহত হন ১৩ জন। পরদিন তাপস মতিঝিল থানায় একটি মামলা করেন। তাতে তিনি অভিযোগ করেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের স্বজন ও তাদের সহযোগীরা ওই হামলা চালিয়েছে। এরপর মেহনাজকে তার গুলশানের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। কারাগারে মেহনাজ অসুস্থ হয়ে পড়েন বলে গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়। মেহনাজের বাবা রশিদ বিদেশে পালিয়ে আছেন। সরকার বলছে, মৃত্যুদণ্ডে দণ্ডিত পলাতকদেরও দেশে এনে দণ্ডাদেশ কার্যকর করা হবে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি তাপসের বাবা ও মাকেও হত্যা করা হয়। তাপসের বাবা শেখ ফজলুল হক মনি বঙ্গবন্ধুর ভাগ্নে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫১০ ঘ.