ব্রাহ্মণবাড়িয়া, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষেতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে ৫০ জনের বেশি আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।
ঢাকা-সিলেট মহাসড়কের দুপাশে অবস্থিত সদর উপজেলার খাটিহাতা ও সরাইল উপজেলার কোট্টা পাড়া গ্রামের কয়েকশ' বাসিন্দার মধ্যে এ সংঘাত হয়। এ সময় মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল ব্যাহত হয়।
সদর থানার ওসি হামিদুল ইসলাম ও সরাইল থানার ওসি সুভাষ চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
ওসি সুভাষ বলেন, সরাইল উপজেলার কোট্টা পাড়া গ্রামের আবদুর রহিমের জমিতে খাটিহাতা গ্রামের শামসু মিয়ার গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সকাল ৯টার দিকে দুদল গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে তারা দেশীয় অস্ত্র ব্যবহার করে।
ওসি হামিদুল বলেন, খবর পেয়ে সরাইল ও সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংঘর্ষ থামাতে পুলিশ ৩০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ এবং কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে।
তিনি জানান, সংঘতে উভয়পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতাল ও গ্রামের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। তবে এ ঘটনায় দুপুর ১টা পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
এলাকাবাসী জানায়, সকালে মাইকে ঘোষণা দিয়ে দুদল সংঘর্ষে লিপ্ত হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিলো।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩৫৩ ঘ.
bdnews24